আজই শেষ চারে শ্রীলঙ্কা?

সংবাদ সম্মেলনে ঘুরেফিরে এল ৩৯ প্রসঙ্গ। না এসে পারেও না। হল্যান্ডকে ৩৯ রানে গুঁড়িয়ে দেওয়ার পর তারা এখন উড়ছে। আজ ইংল্যান্ডের বিপক্ষে জিতলেই নিশ্চিত সেমিফাইনাল। তাই বলে ইংল্যান্ডকে তো হল্যান্ডের সঙ্গে তুলনা করা যায় না!
তবে প্রসঙ্গটি উঠতেই দিনেশ চান্ডিমালের মুখে হাসি, ‘নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো দল। তবে অনেক সময় এটি হতে পারে। পরের ম্যাচে এটি আবারও হতে পারে।’ হাসিটা ছড়িয়ে পড়ল পুরো সংবাদ সম্মেলনকক্ষে।
শ্রীলঙ্কা অধিনায়কের পরবর্তী বাক্যেই অবশ্য ইংল্যান্ডের কথা, ‘ইংল্যান্ড ভালো দল। টি-টোয়েন্টিতে তারা খুবই ভালো খেলে। তাদের কিছু ভালো বোলার ও ব্যাটসম্যান রয়েছে। তবে আমরা আমাদের সেরাটাই খেলতে চাইব।’
টি-টোয়েন্টিতে দুই দলের চারবারের সাক্ষাতে মাত্র একবার জিতেছে ইংল্যান্ড। সেটি ২০১০ ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে। আবার দুই বছর আগে নিজেদের মাটিতে সর্বশেষ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে শোধ নিয়েছে শ্রীলঙ্কা।
এই টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের দুটি জয়ে বড় ভূমিকা বোলারদের। তার পরও তো রঙ্গনা হেরাথের মতো বোলার বসে রয়েছেন বাইরে। চান্ডিমাল ইঙ্গিত দিলেন এ ম্যাচেও হেরাথের একই পরিণতি হবে, ‘ঢাকা ও চট্টগ্রামের উইকেট ভিন্ন। এখানে উইকেটে ঘাস আছে। আমরা এ জন্য তিনজন স্পিনার নিচ্ছি না। দুই স্পিনার নিয়েই খেলব।’ কালকের ম্যাচটি জিতে শ্রীলঙ্কা সেমিফাইনাল নিশ্চিত করতে চায়। এ জন্য রণকৌশলও ঠিক করে রেখেছে লঙ্কানরা।
প্রথম ম্যাচে বৃষ্টিবাধায় নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়া ইংল্যান্ডের আজকের ম্যাচটি বাঁচা-মরার। কাল দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঘণ্টা দুয়েক অনুশীলনের পর ইংল্যান্ড দলের প্রতিনিধি হিসেবে রবি বোপারা বলে গেলেন, ‘প্রথম ম্যাচটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তাই কাল (আজ) আমাদের জয়ের বিকল্প নেই।’
হল্যান্ডকে ৩৯ রানে অলআউট হতে দেখে শ্রীলঙ্কান বোলিং নিয়ে না ভেবে পারে না ইংলিশরা। বোপারা পরিষ্কার করে দিয়েছেন বিশেষ করে অজন্তা মেন্ডিস ও লাসিথ মালিঙ্গাকে নিয়ে ভাবছেন তাঁরা, ‘শ্রীলঙ্কা ভালো দল। তাদের বেশ কিছু ভালো ক্রিকেটার রয়েছে। বিশেষ করে মেন্ডিস ও মালিঙ্গার বল খেলা কঠিন। তবে আমরা তাদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত।’
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক উইকেট নেওয়া মালিঙ্গা পরের ম্যাচে পুরো চার ওভার করার সুযোগই পাননি। দুই ওভার বোলিংয়ে ৫ রান দিয়ে তিনি নিয়েছেন হল্যান্ডের দুই উইকেট। শ্রীলঙ্কার প্রতিটি জয়ের পেছনে মালিঙ্গার অবদান উচ্ছ্বসিত প্রশংসায় স্বীকার করেন চান্ডিমাল, ‘আমরা শেষ ওভারে তাঁকে ব্যবহার করে বেশি সফল হয়েছি। তাঁকে খেলা কষ্টকর। প্রথম বলে তাঁকে কেউ ছক্কা মেরেছে আমি দেখিনি।’
দুদলই প্রস্তুত। এখন বৃষ্টিটা না হলেই হয়। হল্যান্ডকে উড়িয়ে দেওয়ার দিনও চট্টগ্রামে কালবৈশাখী ছোবল দিয়েছিল। যেকোনো ম্যাচেই এখন তৃতীয় প্রতিপক্ষ হয়ে উঠতে পারে আবহাওয়া। এটিও মাথায় রাখতে হচ্ছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে।
শ্রীলঙ্কা-ইংল্যান্ড
মোট শ্রীলঙ্কা ইংল্যান্ড
মোট ৪ ৩ ১
বিশ্বকাপে ২ ১ ১