উৎসবটা কী আজই সেরে ফেলবে অস্ট্রেলিয়া? ধবলধোলাইয়ের যন্ত্রণা সয়ে অ্যাশেজ খোয়ানো ইংল্যান্ডের ক্ষতটা কি আরও বড় হবে আজ?
ব্রিসবেনে অবিশ্বাস্য জয়ে অস্ট্রেলীয়দের মনোবল ছুঁয়েছে আকাশ। জেমস ফকনারের অসাধারণ এক ইনিংসের কাছে হেরে আত্মবিশ্বাসটা আরেকটু টলে গেছে ইংলিশদের। চিরপ্রতিদ্বন্দ্বীদের আরেকটি লজ্জা উপহার দিতে এটাকেই ভালো সুযোগ মানছে অস্ট্রেলিয়া।
আগের ম্যাচের উদাহরণটা একেবারেই তরতাজা। অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্র্যাড হাডিন এই প্রসঙ্গ টেনে এ ম্যাচেই সিরিজ মীমাংসা করে দেওয়ার হুমকি দিলেন কাল, ‘লোকজন বলে জয় হচ্ছে অভ্যাসের ব্যাপার, হারটাও তাই। আর এটার সবচেয়ে ভালো উদাহরণ গত রাতের (পরশু) ম্যাচটা। আমরা প্রতিটি সিরিজই জয়ের জন্য খেলি। ইংল্যান্ডের ক্ষতটা আরও বাড়ানোর আশা করছি, আর এটা করতে চাচ্ছি সিডনিতেই। ’
বিপর্যন্ত ইংল্যান্ডের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব কি না, এই প্রশ্নের পরিষ্কার উত্তর নেই হাডিনের মুখে, ‘অবশ্যই ওঁরা ভালো অবস্থায় নেই। তবে এটা বিচার করার আমি কে? শেষ ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ইংল্যান্ড সম্ভবত আমাদের চেয়ে ভালো খেলেছে, কিন্তু জিতলাম তো আমরাই।’
সিরিজ বাঁচাতে জিততেই হবে, এই অবস্থায় ইংল্যান্ডকে সুখবর শুনিয়েছেন এউইন মরগান। গত ম্যাচে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যানের পায়ের পেশিতে টান পড়েছিল, সমস্যাটা কাটিয়ে উঠেছেন ভালোভাবেই। অ্যালিস্টার কুক আজ ফিরে পাচ্ছেন অলরাউন্ডার স্টুয়ার্ট ব্রডকেও। এএফপি।