আজই স্বপ্নের ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচসেরার ট্রফি হাতে নাঈম, সঙ্গে আশরাফুল। কালও ৩ গোল করে বাংলাদেশকে ফাইনালে তুলতে বড় অবদান রেখেছেন আশরাফুল (বাঁয়ে) l হাসান রাজা
ম্যাচসেরার ট্রফি হাতে নাঈম, সঙ্গে আশরাফুল। কালও ৩ গোল করে বাংলাদেশকে ফাইনালে তুলতে বড় অবদান রেখেছেন আশরাফুল (বাঁয়ে) l হাসান রাজা

মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ উৎসব হবে? ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ জিতবে বাংলাদেশ যুব হকি দল?

জিততে পারলে বাংলাদেশের হকি ঢুকে পড়বে নতুন এক অধ্যায়ে। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে এটিই বাংলাদেশের প্রথম ফাইনাল। অবশ্য ২০০১ সালে প্রথম টুর্নামেন্টে পঞ্চম হওয়া বাংলাদেশ পরের দুবার আর খেলতেই যায়নি!

বয়সভিত্তিক স্তরে অনিয়মিত অংশগ্রহণ। তবে জাতীয় দল নিয়মিতই খেলে এশিয়ার টুর্নামেন্টগুলোয়। এবং নিচের দিকের দলগুলোকে নিয়ে এশিয়ান হকি ফেডারেশন কাপ (এএইচএফ কাপ) জয়ের অভিজ্ঞতাও আছে বাংলাদেশ জাতীয় দলের। কিন্তু এশীয় স্তরে প্রথম কোনো ট্রফি জয় আজকের দিনটিকে রাঙিয়ে দিতে পারে নতুন আলোয়।

দেশের গোটা হকি অঙ্গনকে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় নিয়ে গেছেন রুমন-আশরাফুলরা। কাল তাঁরা সেমিফাইনালের বাধাটা পেরোলেন হেসেখেলেই। চীনা তাইপে দাঁড়াতেই পারেনি। যদিও পেনাল্টি স্ট্রোক নষ্ট করেও দ্বিতীয়ার্ধের শুরুতে ২-১ করে ফেলেছিল দলটি। কিন্তু বাংলাদেশকে বেশি আক্রমণে আসতে না দিতে বারবার বল বাইরে পাঠানোর কৌশলটা শেষ পর্যন্ত কাজে আসেনি।

দুপুরের কড়া রোদেই দ্বিতীয়ার্ধে চারটি গোল তুলে নিয়েছে স্বাগতিক দল। ৬-১ গোলের বড় জয়ে তিনটিই করেছেন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল ইসলাম। টুর্নামেন্টে তাঁর গোল হলো ১০টি। রাজু, সজীব ও রাব্বির স্টিক থেকে এসেছে একটি করে গোল। তবে এই জয়ে খুঁতও আছে। গোটা দশেক পেনাল্টি কর্নার পেয়ে কাজে লাগানো গেছে মাত্র চারটি।

বাংলাদেশ যুব দলটির কোচ জাহিদ হোসেন তাই ফাইনাল নিয়ে একটু বেশিই সতর্ক, ‘ফাইনালে কোনো ভুলই করা যাবে না। সব নিখুঁত হওয়া চাই।’ বাংলাদেশ দল এও জানে, ভারতকে গ্রুপ পর্বে ৫-৪ গোলে হারানো গেলেও ফাইনালটা কঠিনই হবে।

কাল দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ভারত সেই ইঙ্গিত দিয়েও দিয়েছে। স্কোরলাইন যা বলছে, তার চেয়েও ভারতের দাপট ছিল বেশি। গ্যালারিতে বসে পাকিস্তানের এমন হার দেখতে নিশ্চয়ই ভালো লাগেনি ‘হকির ম্যারাডোনা’খ্যাত পাকিস্তান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহবাজ আহমেদের।

তবে পাকিস্তান যুব দলটির কোচ কামরান আশরাফ হতাশ নন। গমগমে হকি স্টেডিয়ামে দাঁড়িয়ে তাঁর মুখে বরং বাংলাদেশের প্রশংসা শুনতে ভালোই লাগছিল সবার। বেলা ৩টার ফাইনাল নিয়ে কামরান বলছিলেন, ‘ভারত নামটা বড়। তবে শিরোপা জয়ের সম্ভাবনা বাংলাদেশের যথেষ্টই আছে। ওরা ফাইনালে এসেছে শক্তির পরিচয় দিয়েই।’