আজই স্বরূপে ফিরবেন মেসি?

হঠাৎ করেই যেন জাদুর কাঠিটা হারিয়ে ফেলেছেন জাদুকর। এটা করছেন, ওটা করছেন, কিন্তু ভোজবাজিটা যেন ঠিকঠাক দেখাতেই পারছেন না! দর্শকেরা উসখুস করছেন, কেউ কেউ পাশের জনকে ফিসফাস করে বলছেন, জাদুকরের কী হয়েছে? তবে কি কাঠিটা আর কাজ করছে না?
লিওনেল মেসির অবস্থা এখন অনেকটাই সেই তুকতাক ভুলে যাওয়া জাদুকরের মতো। চার ম্যাচের গোলখরা অনেকের জন্য হয়তো তেমন কিছু নয়। কিন্তু মেসি তো আর দশজন ফুটবলার নন। সবকিছু ছাপিয়ে আজ চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের সঙ্গে ম্যাচের আগে প্রশ্ন একটাই—মেসি কি স্বস্তির গোলের দেখা পাবেন?
অথচ আলোচনা হতে পারত আরও অনেক কিছু নিয়েই। ন্যু ক্যাম্পে আজ জিতলেই বার্সা উঠে যাবে শেষ ষোলোতে। এসি মিলানের যে দশা, তাতে জয় না পাওয়াটাই হবে অঘটন। ১৯৮১-৮২ মৌসুমের পর এবারই লিগে সবচেয়ে বাজে শুরু মিলানের। এর মধ্যেই সিরি ‘আ’তে হেরে বসেছে পাঁচটি ম্যাচে, ১১ ম্যাচ শেষে শীর্ষে থাকা রোমার সঙ্গে ব্যবধান ১৯ পয়েন্ট! ফিওরেন্টিনার কাছে এই সপ্তাহে হারের পর নিজেদের দর্শকেরাই দুয়ো দিয়েছে কাকাদের। আজ এক পয়েন্ট পেলেও তাঁদের জন্য সেটা হবে মহার্ঘ্য।
কিন্তু বার্সার কোচ জেরার্ডো মার্টিনো কি নিজেই খুব স্বস্তিতে আছেন? জয়ের সঙ্গে আজ মেসির গোলটাও খুব করে চাইবেন মার্টিনো। বার্সা উইঙ্গার পেদ্রো অবশ্য উৎকণ্ঠার কোনো কারণ দেখছেন না, ‘ওর কিছুই হয়নি, ভালোভাবেই অনুশীলন করছে। মাঠেও ও অনেক খাটছে এবং সতীর্থদের সাহায্য করছে। যেটা অনেকেই খেয়াল করছে না। আমার তো ওকে খুব শান্তই লাগছে, কারণ সে জানে গোল আসবেই।’ সেই দিনটি যদি আজই হয়, তাহলে কাকতালীয় একটা ব্যাপারও ঘটবে। বার্সার জার্সি গায়ে মেসির সর্বশেষ গোল দুই সপ্তাহ আগে এই মিলানের বিপক্ষেই।
বার্সা-মিলান নিয়েই বেশি আলোচনা, তবে আর্সেনাল-বরুসিয়া ডর্টমুন্ডের লড়াইটাও জম্পেশই হওয়ার কথা। আর্সেনালের জন্য ম্যাচটা একধরনের প্রতিশোধের উপলক্ষও বটে। দুই সপ্তাহ আগে নিজেদের মাঠেই ডর্টমুন্ডের কাছে হারতে হয়েছিল ২-১ গোলে। আরেকটি পরাজয় প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের চ্যাম্পিয়নস লিগ অভিযানে বড় একটা ধাক্কাই হবে।
সেই ধাক্কাটা দেওয়ার ক্ষমতা যে আছে, স্টুটগার্টকে ছয় গোল দিয়ে এই সপ্তাহেই ডর্টমুন্ড এর প্রমাণ দিয়েছে। লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে প্রস্তুতি সেরে রেখেছে আর্সেনালও। ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ অবশ্য দুই দলের লড়াইটার দারুণ একটা রূপক খুঁজে পেয়েছেন, ‘গত ১০ বছর আর্সেনালের ফুটবলের দিকে তাকান, বলতে গেলে একদম নিখুঁত ফুটবলই খেলে আসছে। কিন্তু আমরা সবাই জানি, আর্সেনাল লম্বা একটা সময় (আট বছর) কোনো ট্রফি জেতেনি। আর্সেন ওয়েঙ্গারের দর্শন আমি পছন্দ করি। কিন্তু আমি সেভাবে কোচিং করাই না, আমার ধরন আলাদা। তিনি বল পায়ে রাখতে ও পাসিং করতে পছন্দ করান। এটা অর্কেস্ট্রার মতোই, কিন্তু সেটার দ্যোতনা কম। আমি হেভি মেটাল পছন্দ করি, আমি চাই উচ্চাঙ্গের ঝংকার।’
জার্মানির ধাতব সংগীত নাকি ইংল্যান্ডের ধ্রুপদি সুর—আজ সিগন্যাল ইডুনা পার্কে কোনটা বাজবে? এএফপি।