আজই ‘আসল ফাইনাল’
ব্যাপারটা নিশ্চিত হয়েছিল সপ্তাহ দুয়েক আগেই। ফ্রেঞ্চ ওপেনের ড্রতে রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ একই অর্ধে পড়াতেই জানা গিয়েছিল গতবারের মতো এবার আর ফাইনালে দুজন মুখোমুখি হচ্ছেন না। সবকিছু ঠিকঠাক থাকলে সেমিফাইনালেই হবে লড়াইটা। সেটাই এখন সত্যি। একেক করে বাধা পেরিয়ে সেমিফাইনালে উঠেছেন জোকোভিচ ও নাদাল। দুজনের বহু প্রতীক্ষিত সেমিফাইনাল লড়াইটা আজই রোলাঁ গারোঁয়। চোটের কাছে হার মেনে অ্যান্ডি মারে নেই আগে থেকেই, ড্রর অন্য অর্ধ থেকে আগেভাগেই বিদায় নিয়েছেন রজার ফেদেরার। তাই এবারের ফ্রেঞ্চ ওপেনের সবচেয়ে বড় ম্যাচটা হয়ে যাচ্ছে ফাইনালের আগেই।একপাশে বিশ্বের এক নম্বর খেলোয়াড় জোকোভিচ, অন্য প্রান্তে মাটির কোর্টের অবিসংবাদিত রাজা নাদাল। সেমিফাইনালটাই যেন মর্যাদা পাচ্ছে ফাইনালের। আর এই আসল ফাইনালটা নাদাল-জোকোভিচ যে-ই জিতুক না কেন, পৌঁছাবেন ইতিহাস গড়ার আরেকটু কাছে। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লামটা জিতলেই জোকোভিচের অপূর্ণতা দূর হবে, পেয়ে যাবেন ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম। এর আগে মাত্র সাতজনই করেছেন এই কীর্তি। ওই সপ্তর্ষীরই একজন নাদালের সামনে হাতছানি আরও বড় কিছু পাওয়ার। কোনো একটি নির্দিষ্ট গ্র্যান্ড স্লাম সবচেয়ে বেশি আটবার জেতার রেকর্ডটা এবার নিজের করে নিতে পারেন নাদাল।মুখোমুখি লড়াইয়ের হিসাবে নাদালই এগিয়ে আছেন। আজ ৩৫তম সাক্ষাতের আগে জোকোভিচের বিপক্ষে ১৯-১৫ ব্যবধানে এগিয়ে আছেন নাদাল। আর ক্লে কোর্টে নাদাল তো যোজন ব্যবধানে (১২-৩) এগিয়ে। এ ছাড়া রোলাঁ গারোঁয় অবিশ্বাস্য পরিসংখ্যান নাদালের, এখানে ৫৮ ম্যাচের মাত্র একবারই হেরেছেন স্প্যানিশ ‘ম্যাটাডোর’। চোট কাটিয়ে গত ফেব্রুয়ারিতে কোর্টে ফেরার পর খেলা আট টুর্নামেন্টের ছয়টিতেই চ্যাম্পিয়ন হয়েছেন। তবে এসব নিছকই পরিসংখ্যান, মন্টেকার্লোর ক্লে কোর্টে দুজনের সর্বশেষ লড়াইয়ে কিন্তু জিতেছিলেন জোকোভিচই।শেষ চারের আরেক ম্যাচে খেলবেন ফ্রান্সকে স্বপ্ন দেখানো জো-উইলফ্রায়েড সোঙ্গা ও স্পেনের ডেভিড ফেরার। এএফপি।