আজও আছেন 'ক্লাইভার্ট'

২১ বছর পর কোনো ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আয়াক্স। সর্বশেষ ইউরোপিয়ান ট্রফি জয়ের স্মৃতিটা আরও এক বছর পুরোনো। ২২ বছর আগে, ১৯৯৫ সালের ২৪ মে, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছিল আয়াক্স।
আরে, আজও ২৪ মে না? আরেকটি ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনাল! আরেকটা মিলও থাকবে আয়াক্সের খেলোয়াড়দের তালিকায়। ২২ বছর আগে ও পরের দুই ফাইনালের দলেই আছেন ‘ক্লাইভার্ট’!
১৯৯৫ ফাইনালে আয়াক্সের জয়ের নায়ক ছিলেন প্যাট্রিক ক্লাইভার্ট। ৭০ মিনিটে মাঠে নেমেছিলেন ১৮ বছর বয়সী ক্লাইভার্ট, সেই মুহূর্তটা এল ১৫ মিনিট পর। বাঁ পায়ের বুটের ডগা দিয়ে মেরে বল পাঠিয়ে দিলেন মিলান গোলকিপারের পায়ের নিচ দিয়ে।
কাকতালীয়ভাবে আজ ইউরোপা লিগের ফাইনালে আয়াক্সের স্কোয়াডে থাকা ‘ক্লাইভার্ট’-এর বয়সও ১৮! প্যাট্রিকের ছেলে জাস্টিন ক্লাইভার্ট। বাবার মতোই আয়াক্সের একাডেমিতে বেড়ে ওঠা, ক্লাবের অনূর্ধ্ব-১৯ দল থেকে এই মৌসুমেরই মাঝপথে মূল দলে। বাবার মতো স্ট্রাইকার নন, জাস্টিন উইঙ্গার। প্রথম একাদশে এখনো নিয়মিত নন। বাবার মতো জাস্টিনকেও আজ ফাইনালে নামতে হতে পারে বদলি হিসেবেই।
বাবার সেই গোলের ভিডিও অনেকবারই দেখেছেন জাস্টিন, ‘তাঁর (বাবার) অনেক ভিডিও দেখি। ওই গোলটা তো অবশ্যই! বুটের ডগা দিয়ে মেরে গোল...দেখতে ভালো লাগে।’ তা বাবার কাছ টিপস পাননি? ‘তাঁর সঙ্গে অনেক কথাই বলি, অনেক কিছু শিখি। বিশেষ একটা জিনিসও শিখি, সেটা হলো ওভাবে বুটের ডগা দিয়ে মারা। অথবা যেকোনোভাবেই গোল করা।’
জাস্টিন ক্লাইভার্ট ও আয়াক্স আজ তেমন একটা মুহূর্তের অপেক্ষায়। প্যাট্রিক ক্লাইভার্টও নিশ্চয়ই। ইউএসএটুডে।