আজও কি মেসির জাদুকরি গোল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎপল শুভ্র
উৎপল শুভ্র

আসল ম্যারাডোনা বনাম ‘কার্পেন্থিয়ানসের ম্যারাডোনা’!
আসল মেসি বনাম ‘আল্পসের মেসি’!
বিশ্বকাপে আর্জেন্টিনা মানেই পাঁচ ফুট পাঁচ ইঞ্চির ঘুরেফিরে আসা। মেসি বনাম শাকিরিও যেমন সময়কে দুই যুগ পেছনে নিয়ে ফিরিয়ে আনছে তাঁকে।
আজ যেমন মেসির সামনে ‘আল্পসের মেসি’, ১৯৯০ ইতালি বিশ্বকাপে ম্যারাডোনার সামনে ছিল ‘কার্পেন্থিয়ানসের ম্যারাডোনা’। রোমানিয়ার গিওর্গি হ্যাজি।

সেদিন আসল ম্যারাডোনাও জেতেননি, কার্পেন্থিয়ানসের ম্যারাডোনাও না। গ্রুপপর্বের ম্যাচ, সেটি তাই ১-১ গোলের ড্রতেই শেষ হতে পেরেছিল। আজ সাও পাওলোতে আসল মেসি আর আল্পসের মেসির লড়াই অমীমাংসিত থাকার কোনো সুযোগই নেই। এটি নকআউট, এক দলকে হারতেই হবে।

কে হারবে, সেটি বলে দেওয়া খুব সহজ। আবার সহজও নয়। এমনিতে লিওনেল মেসির সঙ্গে জেরদান শাকিরির তুলনাটাই যেমন হাস্যকর, তেমনি আর্জেন্টিনার সঙ্গে সুইজারল্যান্ডেরও। কিন্তু এই বিশ্বকাপ যে সাম্যবাদী মন্ত্রে দীক্ষিত। যা ধনী-গরিবের ব্যবধান ঘুচিয়ে সবাইকে একই কাতারে নিয়ে আসছে। হা রে রে রে করতে করতে কোস্টারিকা উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। ব্রাজিলকে খাদের কিনারায় নিয়ে গেছে চিলি। মেক্সিকোকে হারাতে গ্রুপপর্বে অপ্রতিরোধ্য মনে হওয়া হল্যান্ডের শুধু ঘামই ছোটেনি, ঐশ্বরিক হস্তক্ষেপও প্রয়োজন হয়েছে। আজ আবার নতুন কোনো নাটক মঞ্চায়নের অপেক্ষায় কি না, কে জানে!

সাধারণ নিয়মে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ডের এক ফুৎকারে উড়ে যাওয়ার কথা। অনেক দিনই বলার মতো কোনো কীর্তি নেই। যদিও বিশ্বকাপের শুরুর দিকে সুইজারল্যান্ড মোটামুটি সমীহ জাগানো শক্তিই ছিল। প্রথম চারটি বিশ্বকাপের তিনটিতেই কোয়ার্টার ফাইনাল খেলেছে। সর্বশেষ ৬০ বছর আগে নিজেদের দেশে। ওটমার হিটজফেল্ড মনে করেন, সেটির পুনরাবৃত্তি খুবই সম্ভব। সেটি সুইজারল্যান্ড আর্জেন্টিনার চেয়ে ভালো দল বলে নয়। এটা এক ম্যাচের খেলা বলে।

কোচ হিসেবে বিশ্ব ফুটবলে বিশেষ সম্মানের আসন বরাদ্দ হিটজফে​েল্ডর জন্য। ৭টি বুন্দেসলিগা জিতেছেন, দুটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস ট্রফি। এই বিশ্বকাপ শেষে অবসর নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন আগেই। যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যেতে তো চাইবেনই। গত বিশ্বকাপ প্রথম রাউন্ডে শেষ হয়ে গেলেও হিটজফেল্ডের সুইজারল্যান্ড প্রথম ম্যাচেই বড় চমক দিয়েছিল স্পেনকে হারিয়ে। এবারও তাঁর তেমন কিছুরই আশা, ‘আমাদের তো হারানোর কিছু নেই, বরং পাওয়ার আছে অনেক কিছু। আমরা ইতিহাস গড়তে পারি। একটা ম্যাচই তো, অনেক কিছুই হতে পারে।’

সুইজারল্যান্ড জিতে গেলে সেটি ইতিহাসই হবে। এখন পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে ৬ ম্যাচে কোনো জয় নেই, হার এড়াতে পেরেছে মাত্র দুটিতে। ২০১২ সালে বার্নে দুদলের সর্বশেষ ম্যাচটি যখন ১-১ এগোচ্ছে, আর্জেন্টিনার এক খেলোয়াড় দ্রুতই ২ গোল করে সেটিকে ৩-১ করে ফেলেন।

দলের প্রথম গোলটিও ছিল তাঁর। লিওনেল মেসির প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিকের ভুক্তভোগী এই সুইজারল্যান্ডই। সুইসদের একমাত্র গোলটি করেছিলেন শাকিরিই।

সেই শাকিরি আজ মাঠে নামছেন আগের ম্যাচেই হ্যাটট্রিকের তরতাজা স্মৃতি নিয়ে। উচ্চতা একই রকম, খেলার ধরনেও মিল—এ কারণেই নাম ‘দি আলপাইন মেসি’। আসল মেসির মুখোমুখি হওয়ার রোমাঞ্চটা আজ আরও উজ্জ্বল করে তুলতেই পারে তাঁকে। গত দুটি বিশ্বকাপে জার্মানির কাছে হেরে শেষ হয়ে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ। শাকিরি সেই ‘জার্মান ফ্যাক্টর’ও নিয়ে আসছেন আজকের ম্যাচে। খেলেন যে বায়ার্ন মিউনিখে।

শাকিরিকে নিয়ে আলাদা প্রস্তুতি নিশ্চয়ই নিয়েছে আর্জেন্টিনা? এমনিতে বেলো হরিজন্তের উপকণ্ঠে ভেসপাসিয়ানোর বেস ক্যাম্পে আর্জেন্টিনার অনুশীলন অন্তত মিনিট পনেরোর জন্য হলেও সংবাদমাধ্যম ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। গত পরশু ছিল ব্যতিক্রম। আর্জেন্টিনার অনুশীলনে বাইরের কারও প্রবেশাধিকার ছিল না।

সুইজারল্যান্ডের অনুশীলনে সবচেয়ে ব্যস্ত সময় কেটেছে ডিয়েগো বেনাগিলোর। আর্জেন্টিনার বিপক্ষে খেলা হলে প্রতিপক্ষ গোলরক্ষককে একটু বেশিই প্রস্তুতি নিতে হয়। এই বিশ্বকাপে এখন পর্যন্ত যা হয়েছে, তাতে অবশ্য আর্জেন্টিনার বিপক্ষে না বলে মেসির বিপক্ষে বললেও হয়। ফার্নান্দো গাগো অবশ্য দাবি করছেন, আর্জেন্টিনা মোটেও শুধু মেসির ওপর নির্ভরশীল নয়। বেনাগিলো এ জাতীয় কথাই বলেছেন। মেসিকে আটকানো একটু বেশি কঠিন, কিন্তু আর্জেন্টিনা দলে আরও ভালো খেলোয়াড় আছে।

তা হয়তো আছে। কিন্তু এখন পর্যন্ত সেটির প্রমাণ খুব একটা পাওয়া যায়নি। আর্জেন্টিনার ৬ গোলের ৪টিই মেসির। অন্য দুটির একটি আত্মঘাতী, আরেকটি সেট পিস থেকে ডিফেন্ডারের। যেখানে শাকিরির হ্যাটট্রিকের পরও সুইজারল্যান্ডের পক্ষে গোল করেছেন ৫ জন।

বিশ্বকাপে ‘গোল পান না, গোল পান না’ রবের মধ্যে এবার প্রতি ম্যাচেই মেসির গোল। গোলও কী! কোনোটার চেয়ে কোনোটা কম নয়। তবে প্রশ্ন একটা থাকছেই। সময়মতো গোল করে দলকে বের করে নিয়ে গেছেন ঠিকই, কিন্তু এই বিশ্বকাপ মেসিকে এখনো লিওনেল মেসির রূপে দেখতে পায়নি। মাঠ দাপিয়ে বেড়ানোর সেই ব্যাপারটা একদমই নেই। মজাটা হলো, চার বছর আগে দক্ষিণ আফ্রিকায় প্রায় সবকিছুই করেছেন, শুধু গোলটাই পাননি। এবার শুধু গোলই করছেন।

সেই গোলের মহিমায় অনেকের কাছেই বাকি সব আড়াল হয়ে যাচ্ছে। কিন্তু মেসির মাতামহ আন্তনিও কুচ্চিতিনি দেখা যাচ্ছে বড় নির্মোহ সমালোচক। রোসারিও থেকে একটি চ্যানেলকে যিনি বলেছেন, ‘লিও দৌড়াচ্ছে না। ওর খেলায় আমি সন্তুষ্ট নই। আমি সব সময় সত্যি বলি, বাগাড়ম্বর করার সময় আমার নেই। আমি তো বলব, ওর পারফরম্যান্স মোটেই ভালো নয়। স্পেনে ও কী খেলাটাই না খেলত! ওই ঝলকটা ওকে ফিরিয়ে আনতে হবে।’ দাদুর এ কথায় নাতির প্রতিক্রিয়া জানতে যে কারোরই কৌতূহল হবে। যে কৌতূহল এখনো মেটার অপেক্ষায়।

নাকি আজ মাঠেই দাদুকে দেখিয়ে দেবেন! সেটি যদি না-ও পারেন, যা পারছেন সেটিই বা কম কী! আর্জেন্টিনার ম্যাচ মানে যে এখন একটাই প্রশ্ন—আজও কি ঐন্দ্রজালিকের কোনো জাদুকরি গোল?