আজও পারলেন না রুনি

ইতালির বিপক্ষে ম্যাচের আগে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল—গোলের দেখা পাবেন ওয়েইন রুনি? বলা হয়, তাঁর প্রজন্মের সেরা ইংলিশ স্ট্রাইকার৷ দেশের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা ৷ অথচ বিশ্বকাপে এখনো গোলের খাতা খুলতেই পারেননি রুনি৷ আজও পারলেন না গলখরা কাটাতে। আজকের ম্যাচের আগে দুটি বিশ্বকাপে ৫৯৪ মিনিট খেলে একটি গোলও করতে পারেননি ইংলিশ ফরোয়ার্ড।
এ বিশ্বকাপে এখনো পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে, প্রায় সবগুলোতেই তারকা খেলোয়াড়েরা গোল পেয়েছেন। প্রথম দিনেই গোল পেয়েছেন নেইমার। গোল পেয়েছেন আরিয়েন রোবেন, রবিন ফন পার্সি, অ্যালেক্সিস সানচেজ, টিম কাহিল, এডিনসন কাভানি, মারিও বালোতেল্লি, ড্যানিয়েল স্টারিজের মতো তারকারা। সেখানে রুনির খাতাটা শূন্য।
আজ বেশ কয়েকটি শট নিয়েছিলেন। সবগুলোই নিষ্ফলা। ৫৪, ৬২, ৮৭ মিনিটে নেওয়া তিনটি শটই খুঁজে পেল না গোলের ঠিকানা। ৭৫ মিনিটে নিলেন হাস্যকর এক কর্নার! সাফল্যের মধ্যে ৩৭ মিনিটে তাঁরই বাড়িয়ে দেওয়া ক্রসে দলের একমাত্র গোলটি করেছেন ড্যানিয়েল স্টারিজ।
২০০৬ বিশ্বকাপে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল খেললেও গোল পাননি। গত বিশ্বকাপের বাছাইয়ে ইউরোপে দ্বিতীয় সর্বোচ্চ গোল এসেছিল রুনির পা থেকে (নয়টি)৷ বিশ্বকাপে গিয়ে ঠিকই ভুলে গিয়েছিলেন জালের ঠিকানা! এবার শুরুটাও হলো খালি হাতে। সামনের ম্যাচগুলোয় এ ধারায় পরিবর্তন আসে কি না, সেটিই দেখার।