আজও ভাগ্য ফেরেনি দশরথ স্টেডিয়ামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু মধ্যরাতে হন্তদন্ত হয়ে টিম হোটেল ঢুকলেন ম্যাচ কমিশনার মুনেম ফাকোরি। এত রাতে হলোটা কী?জর্ডানি ভদ্রলোক সব দলের প্রতিনিধিদের লবিতে ডাকলেন দ্রুত। সবার কাছে তাঁর একটা অনুরোধ, ‘প্লিজ, আপনারা কাল দশরথ স্টেডিয়ামে অনুশীলন করবেন না। মাঠের অবস্থা ভালো নয়। ম্যাচের আগের দিনের অনুশীলনটা অন্য কোথাও সেরে নিন।’ম্যাচের আগের দিন ভেন্যুতে সব দলকে অন্তত ৪৫ মিনিট অনুশীলন করতে দেওয়া নিয়ম। কিন্তু কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের আগের দিন অনুশীলন করলে মাঠটা আরও খারাপ হয়ে যাবে—এই শঙ্কাতেই ম্যাচ কমিশনারের এই আকুতি।মাঠের অনেক জায়গা নরম। এই পর্যায়ের ফুটবলের জন্য মোটেও আদর্শ নয়। তাহলে এখানে খেলা দিল কেন এএফসি? বেচারা ম্যাচ কমিশনার কী বলবেন, বল ঠেললেন এএফসির কোর্টে। বোঝালেন এএফসি দিলে কার কী করার আছে, ‘এটা আমার ব্যাপার নয়। এএফসির সিদ্ধান্ত।’ কী আর করা! দলগুলো রাতে ওই অনুরোধ পেয়ে সকালে জরুরি ভিত্তিতে অনুশীলন মাঠ খুঁজে নিয়েছে। বাংলাদেশ দল সকাল সাড়ে নয়টায় সিদ্ধান্ত নিল পাহাড়ঘেঁষা নেপাল আর্মড পুলিশ মাঠে যেতে, যেটিতে ঘাস-টাস কিছু নেই।দশরথের মাঠেও পুরোটাতেও ঘাস নেই। মাঠের মাপ একটু ছোট মনে হলো। যদিও আন্তর্জাতিক মাপ আছে বলে দাবি করলেন স্থানীয় আয়োজকেরা। কিন্তু স্টেডিয়ামে প্রেসবক্স কোথায়? সেই ১৯৯৯ সালে বাংলাদেশ যখন এখানে দক্ষিণ এশীয় গেমসে সোনা জিতেছিল, তখনো প্রেসবক্স ছিল না। এখনো নেই। উন্মুক্ত গ্যালারিতে কয়েকটা চেয়ার পেতে রাখা হয়েছে সাংবাদিকদের জন্য। এটি আন্তর্জাতিক ভেন্যু হয় কী করে?যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলের হাওয়া লাগে। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম যেমন অনেক আধুনিক হয়েছে। কিন্তু দশরথ স্টেডিয়ামে সংস্কারের ছোঁয়া লাগেনি। গোটা কাঠমান্ডু শহরটাই রুগ্ণ। ভাঙাচোরা রাস্তা। আধুনিকতা থেকে অনেকটাই দূরে পর্যটকদের পছন্দের এই দেশটা।স্থানীয়রা দশরথ স্টেডিয়ামটকে বলে রঙ্গশালা। সেটির সারা শরীরই মলিন। রং-টংও করা হয়নি। একটা পরিত্যক্ত বাড়ির মতোই পড়ে আছে।বাইরে থেকে দেখলে মনেই হবে না, এই দশরথ স্টেডিয়াম চার দলকে এফএফসি চ্যালেঞ্জ কাপের আতিথ্য দেবে।