আজকের ম্যাচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ইংলিশ ও জার্মান ক্লাবের মধ্যে ইউরো-শ্রেষ্ঠত্বের লড়াই হচ্ছে ষষ্ঠবারের মতো। ১৯৭৫ সালে প্রথমটিতে জিতেছিল বায়ার্ন (লিডস ইউনাইটেডের বিপক্ষে ২-০), তবে এরপর চারটিতেই জয় হয়েছে ইংল্যান্ডের। ১৯৮২ সালে অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরেছে বায়ার্ন, ১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১-এ। অন্য দুটি ম্যাচ হলো—লিভারপুল-বরুসিয়া মনশেনগ্লাডবাখ (১৯৭৭ সালে ৩-১) ও নটিংহাম ফরেস্ট-হামবুর্গ (১৯৮০ সালে ১-০)। এর আগে চ্যাম্পিয়নস লিগে দুই দলের একবারই দেখা হয়েছিল, সাত বছর আগে কোয়ার্টার ফাইনালে। বিস্ময়কর হলো, ওই দুটি ম্যাচে ১১টি গোলের ৬টির স্রষ্টাই খেলতে পারেন এই ম্যাচে। চেলসি মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড তিন গোল করেছিলেন, স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা দুটি। প্রথম লেগে গোল করেছিলেন বায়ার্ন মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টাইগার। চেলসি গোলরক্ষক পিওতর চেকও ওই দুটি ম্যাচেই খেলেছিলেন। আজকের ফাইনালে নিষিদ্ধ চেলসি অধিনায়ক জন টেরিও। ২০০৭ সালে এসি মিলান-লিভারপুল ফাইনালের পর এই প্রথম দুই ফাইনালিস্টের কোনোটিই নিজ দেশের লিগ জিততে পারেনি। বুন্দেসলিগায় বায়ার্ন দ্বিতীয় হয়েছে, প্রিমিয়ার লিগে চেলসি হয়েছে ষষ্ঠ। বায়ার্নের এটি চতুর্থ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। ইউরোপিয়ান কাপ মিলিয়ে নবম। চ্যাম্পিয়নস লিগ জিতেছে একবার (২০০১ সালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-১ ড্রয়ের পর পেনাল্টিতে), ইউরোপিয়ান কাপ মিলিয়ে বায়ার্ন চ্যাম্পিয়ন হয়েছে মোট চারবার। এর মধ্যে ১৯৭৪ থেকে ১৯৭৬ টানা তিনবার। চেলসির এটি দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, ইউরোপীয় শ্রেষ্ঠত্ব অর্জন করা হয়নি একবারও। ২০০৮ সালের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-১ ড্রয়ের পর পেনাল্টি শ্যুট-আউটে হেরেছিল তারা। চেলসি জিতলে তারা হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়া পঞ্চম ইংলিশ ক্লাব। এর আগে ইংল্যান্ড থেকে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, নটিংহাম ফরেস্ট ও অ্যাস্টন ভিলা। চেলসির জয় ইংল্যান্ডকে দেবে দ্বাদশ শিরোপা, সামনে থাকবে শুধু স্পেন (১৩)। বায়ার্ন জিতলে এটি হবে জার্মানির সপ্তম শিরোপা। চেলসির জিতলে একটি ‘গেরো’ও খুলবে। এখন পর্যন্ত ইউরোপের সবচেয়ে বড় পাঁচটি রাজধানী শহর লন্ডন, প্যারিস, রোম, মস্কো ও বার্লিনের কোনো ক্লাব ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হতে পারেনি।