আজকের ম্যাচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ২০১০ সালে বায়ার্নের সর্বশেষ ফাইনালে খেলা দলটির নয়জন আছে এবারও। ২০০৮ সালের ফাইনালের চেলসি দল থেকে আছেন আটজন। চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমে নিজেদের মাঠে খেলা সাতটি ম্যাচেই জিতেছে বায়ার্ন। গোল করেছে ২১টি, খেয়েছে ৪টি। চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ১৪টি ‘হোম’ ম্যাচের ১৩টিতেই জয় পেয়েছে বায়ার্ন। একমাত্র পরাজয়টি গত বছরের নকআউট রাউন্ডে। ইংলিশ দলগুলোর বিপক্ষে বায়ার্নের ‘হোম’ রেকর্ড এককথায় দুর্দান্ত। ১৮ ম্যাচে পরাজয় মাত্র ১টিতে, ১১টিতেই জয়। একমাত্র পরাজয়টি ‘অখ্যাত’ নরউইচ সিটির বিপক্ষে ২-১ গোলে, ১৯৯৩-৯৪ উয়েফা কাপে। বায়ার্ন স্ট্রাইকার মারিও গোমেজ এবারের চ্যাম্পিয়নস লিগে ১১ ম্যাচে ১২ গোল করেছেন, নিজের সর্বশেষ ১৭ ম্যাচে ২০টি। ফাইনালে দুই গোল করতে পারলে এবারই লিওনেল মেসির গড়া এক মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন গোমেজ। বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কস ১৯৯৮ সালে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। আজ জিতলে ওটমার হিজফেল্ড (বরুসিয়া ডর্টমুন্ড, ১৯৯৭ ও বায়ার্ন, ২০০১) ও হোসে মরিনহোর (পোর্তো ২০০৪ ও ইন্টার মিলান ২০১০) পর তৃতীয় কোচ হিসেবে ভিন্ন দুটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতবেন।  এবারের চ্যাম্পিয়নস লিগে চেলসি প্রতিপক্ষের মাঠে ৬টি ম্যাচের মাত্র একটিতে জিতেছে—বেনফিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ১-০। জার্মান ক্লাবের বিপক্ষেও ৬টি অ্যাওয়ে ম্যাচে তাদের একটি মাত্র জয়—২০০৪ নকআউট পর্বে ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে ১-০। চেলসির ল্যাম্পার্ডের আজ ইউরোপিয়ান প্রতিযোগিতায় শততম ম্যাচ। চেলসির পক্ষে ৯৬তম, প্রথম চারটি ম্যাচ খেলেছেন তাঁর আগের ক্লাব ওয়েস্ট হামের পক্ষে। চ্যাম্পিয়নস লিগে চেলসির পক্ষে এটি হবে ল্যাম্পার্ডের ৮৮তম ম্যাচ, যা ক্লাব রেকর্ড।  মৌসুমের মাঝপথে দায়িত্ব নেওয়া চেলসির কোচ রবার্তো ডি মাত্তেও চ্যাম্পিয়নস লিগে এখনো অপরাজিত—পাঁচ ম্যাচে তাঁর চারটি জয় ও একটি ড্র।