আজকের ৫ প্রশ্ন

ট্রফি লিওনেল মেসির হাতেই উঠুক বা ফিলিম লামের, অনেকগুলো প্রশ্নের উত্তর মিলবে আজ। তেমন কিছু প্রশ্ন হয়তো ঘুরঘুর করছে আপনার মাথায়ও!
২-১ করবে কোন দল?
আজকের ম্যাচে যে দলই জিতুক, একটা লড়াইয়ের ফল হবে ২-১! আজকে নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-জার্মানি। ১৯৮৬ বিশ্বকাপের ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা হারিয়েছিল সেই সময়ের পশ্চিম জার্মানিকে। চার বছর পর ফাইনালে প্রতিশোধ নিয়েছিল জার্মানি। সেই ম্যাচ ঘিরে আবার আর্জেন্টাইনদের আছে অনেক তিক্ততা, ক্ষোভ। যা-ই হোক, আজ এক দলের এগিয়ে যাওয়ার পালা।
ইউরোপের লাতিন জয় হবে?
ইউরোপের বিশ্বকাপে লাতিন পতাকা উড়িয়েছে ব্রাজিল সেই ১৯৫৮ সালে। ব্রাজিল এরপর জিতেছে এশিয়ায়, আফ্রিকায় জিতেছে স্পেন। কিন্তু লাতিন আমেরিকায় এখনো ওড়েনি ইউরোপিয়ান পতাকা। এবার সালভাদর, ফোর্তালেজা থেকে রেসিফে হয়ে রিও ডি জেনিরো, বেলো হরিজন্তেতে খেলে ফাইনালে এসেছে জার্মানি। সেমিফাইনালে স্বাগতিকদের ডুবিয়েছে ঐতিহাসিক লজ্জায়। তবে কি এবার..?
ম্যারাডোনা...মেসি?
আর্জেন্টাইনরা মেসির মাঝে খুঁজছে ১৯৮৬-র ম্যারাডোনাকে। তবে মেসির পারফরম্যান্স মনে করিয়ে দিচ্ছে বরং ১৯৯০-এর ম্যারাডোনাকে। সেবার দ্বিতীয় রাউন্ডে ম্যারাডোনার পাস থেকে গোল করেছিলেন ক্যানিজিয়া, এবার মেসির পাস থেকে ডি মারিয়া। ডিফেন্ডারদের কড়া ট্যাকলে সেভাবে আলো ছড়াতে পারেননি ম্যারাডোনা, কোয়ার্টার-সেমিতে মেসিকেও সেভাবে খুঁজে পাওয়া যায়নি। তবে তার পরও আজ জিতলে হয়তো ১৯৮৬-এর ম্যারাডোনাই হয়ে যাবেন মেসি। হেরে গেলে নব্বইয়ের!
সেই খুনে জার্মানি?
১৯৮২ থেকে ১৯৯০—টানা তিন বিশ্বকাপের ফাইনাল খেলেছিল জার্মানি। সে সময় বলা হতো, মাঠে যা কিছুই হোক শেষ পর্যন্ত জিতবে জার্মানিই। জোয়াকিম লোর দলের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল ওটাই—সেই চিরায়ত জার্মান চরিত্র নেই। ২০১০ বিশ্বকাপ বা ২০০৮ ও ২০১২ ইউরোর দলে দেখা যায়নি খুনে মানসিকতা। এবার সেটার দেখা মিলেছে বটে। তবে চূড়ান্ত জবাব মিলতে তো হবে ফাইনালেই!
যন্ত্রণা বাড়বে ব্রাজিলের?
এক দল তাদের ডুবিয়েছে ৭ গোলের লজ্জায়। আরেক দল চিরপ্রতিদ্বন্দ্বী। আজ কোন দলের পক্ষে ব্রাজিল? চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা মুশকিল। তবে গোটা টুর্নামেন্টের ধারা মাথায় রাখলে অনেক দোলাচলের পর হয়তো জার্মানির পক্ষই নেবে ব্রাজিলিয়ানরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের পক্ষ কখনোই নয়! সেমিফাইনালেই যেমন গ্যালারির ব্রাজিলিয়ানরা হয়ে গিয়েছিলেন ডাচ, আজও হয়তো তাঁরা হয়ে যাবেন জার্মান। আর্জেন্টিনার জয় সে ক্ষেত্রে ব্রাজিলিয়ানদের কাটা ঘায়ে হবে নুনের ছিটা।