আজমলকে হোয়াটমোরের 'ক্ষমা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভ হোয়াটমোর এখন স্বস্তিতে। দ্বন্দ্বটা এড়িয়ে যেতে পারলেন। পাকিস্তান কোচের কাছ থেকে ‘ক্ষমা’ পেয়ে সাঈদ আজমলও হয়তো নিশ্চিন্ত। সাক্ষাৎকার দিতে গিয়ে মুখ ফসকে বলে ফেলা কথায় আরেকটু হলেই হোয়াটমোরের ‘শত্রু’ হয়ে যাচ্ছিলেন তিনি!

শ্রীলঙ্কাকে ১৯৯৬ বিশ্বকাপ জেতানো হোয়াটমোর গত বছর মার্চে দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের কোচ হিসেবে। তবে দায়িত্ব নেওয়ার পর গত ১৮ মাসে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি পাকিস্তান। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের কাছে হেরেছে একটি টেস্টে। সে জন্যই কি না পাকিস্তানি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে কোচের সমালোচনায় মুখর হয়েছিলেন পাকিস্তান দলের প্রধান স্পিনার, ‘ডেভ বিদেশি কোচ। তিনি আমাদের ভাষা বোঝেন না। তিনি অন্য দলের কোচ ছিলেন এবং অনেক কিছু জিতিয়েছেনও। এত খারাপ নন। কিন্তু আমাদের তো নিজেদের ভাষা আর নিজেদের কোচ আছে।’ বিদেশি কোচ এনে তবে কি কোনো লাভ হয় না—এমন প্রশ্নেও আজমল দিয়েছিলেন চাঁচাছোলা উত্তর, ‘কোনো পার্থক্য নেই। শুধু বেশি বেতন দিতে হয় তাঁকে (হোয়াটমোর)।’

দলের একজন সিনিয়র খেলোয়াড়ের এমন মন্তব্য স্বভাবতই খুব হতাশ করেছিল হোয়াটমোরকে। গতকাল সাক্ষাৎকারটা দেখে টুইটারে সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়াও দিয়েছিলেন কোনো রাখঢাক না করে, ‘এই মাত্র আজমলের কথাগুলো পড়লাম। গভীরভাবে হতাশ ও মর্মাহত। বিশেষ করে ও যখন আমার খুব চেনা।’ অবশ্য পরে নাকি আজমল দেখা করেছেন কোচের সঙ্গে। বুঝিয়ে বলেছেন নিজের অবস্থান। কীভাবে আজমল নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সেটা অবশ্য জানাননি হোয়াটমোর। তবে তাঁর পরের টুইট দেখে বোঝা গেল আজমলের ওপর হয়তো আর ক্ষোভ নেই, ‘আজমল আমার সঙ্গে দেখা করে ক্ষমা চেয়েছে এবং সে কী বোঝাতে চেয়েছে তা ব্যাখ্যা করেছে। আমি সেটা গ্রহণ করেছি।’ সাক্ষাৎকারের সময় আজমল প্রশ্নের ফাঁদে পড়েই ওসব কথা বলেছেন বলেও জানিয়েছেন হোয়াটমোর। এএফপি।