আজমলদেরও ভয় পাচ্ছেন না টেলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের আত্মবিশ্বাস হয়তো বাংলাদেশই বাড়িয়ে দিল! বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালামের ওই বিধ্বংসী সেঞ্চুরি, ৩ উইকেটে ১৯১ রান—এসবের পর আর স্পিনকে ভয় কী? পাল্লেকেলেতে আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক রস টেলর তাই ভয় পাচ্ছেন না সাঈদ আজমল, শহীদ আফ্রিদিদেরও।টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষ তিন উইকেটশিকারিই পাকিস্তানের। আজমলের আছে ৬০ উইকেট, পেসার উমর গুল আর আফ্রিদির ৫৯টি করে। আজমল-আফ্রিদির সঙ্গে যদি যোগ করা যায় অধিনায়ক মোহাম্মদ হাফিজ আর বাঁহাতি স্পিনার রাজা হাসানকে, নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের হয়তো আজ ১৬ ওভারই স্পিন খেলতে হবে।টেলরের তাতে সমস্যা নেই। বাংলাদেশের বিপক্ষে পাওয়া ছন্দটাই নিউজিল্যান্ডকে এগিয়ে দেবে বলে বিশ্বাস কিউই অধিনায়কের, ‘হাফিজ ও আজমলের গত এক-দেড় বছরের রেকর্ড খুব ভালো। তবে গত শুক্রবার আমরা যেভাবে খেলেছি, আশা করি এই ম্যাচটাও ভালো খেলব। আমাদের প্রস্তুতি খুবই ভালো এবং আমি নিশ্চিত পাকিস্তানের বিপক্ষেও আমরা ও রকমই কিছু করব।’পাকিস্তানের বিপক্ষে পাল্লেকেলেতে সুখস্মৃতিও আছে নিউজিল্যান্ডের। গত বছর ৫০ ওভারের বিশ্বকাপেই পাকিস্তানকে তারা হারিয়েছে ১১০ রানের বিশাল ব্যবধানে, টেলর করেছিলেন অপরাজিত ১৩১। পাকিস্তানকে বাংলাদেশের চেয়ে অভিজ্ঞ দলের ‘স্বীকৃতি’ দিয়েও তাই আজকের ম্যাচের আগে টেলর এগিয়ে রাখছেন নিজেদের, ‘বাংলাদেশের চেয়ে পাকিস্তান অনেক বেশি অভিজ্ঞ। এক-দেড় বছর ধরেই ভালো খেলছে দলটা। বিশ্বমানের খেলোয়াড় আছে তাদের। তবে আশা করি, পরের ম্যাচে তাদের টপকে যেতে পারব আমরা।’এই ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে পাকিস্তানের। প্রস্তুতি ম্যাচে ভারতকে তারা হারালেও হেরেছে ইংল্যান্ডের কাছে। অধিনায়ক হাফিজ কাল ঘোষণার সুরেই বললেন, ‘প্র্যাকটিস ম্যাচে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর আমরা এখন বড় মঞ্চের জন্য প্রস্তুত। প্রস্তুতিতে আমি সন্তুষ্ট এবং দল এখন চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায়।’তবে বিশ্বকাপে পাকিস্তানের স্পিন-ত্রয়ীকে নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, সেটিকে যেন আড়ালেই ঠেলে দিতে চান অধিনায়ক, ‘এখানকার কন্ডিশন পেস বোলারদের সাহায্য করছে। কাজেই আমরা শুধু স্পিনারদের ওপরই ভরসা করছি না। গুলের নেতৃত্বে আমাদের ভালো সিমারও আছে।’ এএফপি।