আজমলে বিভ্রান্ত দক্ষিণ আফ্রিকা
কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনটা কার? পাকিস্তান, না দক্ষিণ আফ্রিকার? সাঈদ আজমল, না ভারনন ফিল্যান্ডারের? চা-বিরতি পর্যন্ত প্রশ্নগুলো ঠিকই ছিল। কিন্তু তারপরই প্রাসঙ্গিকতা হারিয়েছে। ১০৯ রানেই দক্ষিণ আফ্রিকার ৫ উইকেট তুলে নিয়ে দিনটা নিজেদের করে নিয়েছে পাকিস্তান। দিনের শুরুটা অবশ্য দক্ষিণ আফ্রিকারই ছিল। প্রথম ৬ ওভারের মধ্যেই পাকিস্তানের ৩ উইকেট তুলে নিয়ে প্রথম দিনের শুরুটাকেই যেন ফিরিয়ে এনেছিলেন ভারনন ফিল্যান্ডার। এরপরই পাকিস্তানের ফিরে আসা। দুই বোলার তানভীর আহমেদ ও সাঈদ আজমলের ব্যাটিংয়ে চড়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের সর্বোচ্চ ইনিংসটা (৩৩৮) গড়ার পরই অলআউট। জবাব দিতে নেমে স্বাগতিকদের শুরুটা একেবারে খারাপ হয়নি। কিন্তু সাঈদ আজমল দৃশ্যপটে আসতেই বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের ৫টি উইকেটই তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণটা নিজেদের হাতে এনেছেন এই অফ স্পিনার। ফিল্যান্ডারের কাছ থেকে কেড়ে নিয়েছেন দ্বিতীয় দিনের সব আলো। ৫ উইকেটে ১৩৯ রানে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। সাঈদ আজমলের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে একে একে সাজঘরে ফিরেছেন দক্ষিণ আফ্রিকাকে শততম টেস্টে নেতৃত্ব দেওয়া গ্রায়েম স্মিথ, আলভিরো পিটারসেন, হাশিম আমলা, জ্যাক ক্যালিস ও ফ্যাফ ডু প্লেসিস। পাকিস্তান অধিনায়ক মিসবাহ আজমলের হাতে বল তুলে দেওয়ার আগেই স্মিথ ও পিটারসেন তুলে ফেলেছিলেন ৩১ রান। ইনিংসের ১২তম ওভারে আক্রমণে আসেন আজমল। প্রথম ওভারটা পিটারসেন সামাল দিলেও পরের ওভারেই এলবিডব্লু স্মিথ। পাকিস্তান উইকেটটি পেয়েছে রিভিউ চেয়ে। এরপর এক প্রান্ত থেকে টানা ২৫ ওভার বল করেছেন আজমল। নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে কোনো জুটিকেই স্থায়ী হতে দেননি। আসাদ শফিক কাল আউট হয়েছেন আর কোনো রান যোগ না করেই। শফিককে স্মিথের ক্যাচ বানানোর এক ওভার পর সরফরাজ আহমেদকেও ফিরিয়েছেন ফিল্যান্ডার, স্লিপে অসাধারণ এক ক্যাচ নিয়েছেন আলভিরো পিটারসেন। পরের ওভারেই উমর গুলকে এলবিডব্লু করে ক্যারিয়ারে নবমবারের মতো ৫ উইকেট তুলে নেন। মাত্র ১৫ ম্যাচেই ৮৩ উইকেট হয়ে গেছে ফিল্যান্ডারের। এরপরই প্রোটিয়া বোলারদের হতাশ করে নবম উইকেটে তানভীর-আজমল ৬৪ রান যোগ করেন। পাকিস্তানও তিন শ পেরিয়ে যেতে পারে ৩৩৮ পর্যন্ত, যা দক্ষিণ আফ্রিকায় তাদের সর্বোচ্চ রান। এর আগে ১৯৯৮ সালে জোহানেসবার্গে ৩২৯ করেছিল দলটি। সেই ম্যাচটি হয়েছিল ড্র। এবার কি পাল্টাবে পাকিস্তানের ভাগ্য? ওয়েবসাইট।