আজমলের চার পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার-চারটি পুরস্কার। হ্যাঁ, পরশু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পুরস্কার রজনীতে চারটি পুরস্কারই হাতে তুলেছেন সাঈদ আজমল। তিন ধরনের ক্রিকেটেই পাকিস্তানের বর্ষসেরা বোলার হয়েছেন এই অফ স্পিনার। বাড়তি পেয়েছেন ২০১২ সালের সেরা বোলারের বিশেষ পুরস্কারও। এতগুলো পুরস্কার ঘরে তুলে আইসিসির বঞ্চনার কথা হয়তো কিছুটা হলেও ভুলতে পারছেন আজমল। গত বছর আইসিসির বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা পাননি পাকিস্তানি স্পিনার। এ নিয়ে অবশ্য তখন কম হইচই হয়নি।পাকিস্তানের বোলিং আক্রমণটা প্রায়ই বিশ্বসেরাদের কাতারে থাকে। আর এই দলের বর্ষসেরা বোলার হতে পেরে বেশ আপ্লুত ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার, ‘আমি বেশ খুশি, কারণ এমন একটা বোলিং আক্রমণের আমি সেরা হয়েছি যাদের জুড়ি মেলা ভার। ক্যারিয়ারের এই পর্যায়ে আসতে ১৬ বছর লেগেছে আমার।’তিন ধরনের ক্রিকেটেই সেরা বোলার, তবে আজমল টেস্টের স্বীকৃতিটাকেই রাখছেন সবার ওপরে, ‘সেরা টেস্ট বোলারের পুরস্কারটাকেই আমি বেশি মনে রাখব, কারণ টেস্ট খেলতে দরকার ফিটনেস, ধৈর্য ও দক্ষতা। আর এখানে ব্যাটসম্যানকে আউট করার কথাই ভাবতে হয়।’ গত বছর ৬ টেস্টে ৩৯ উইকেট পেয়েছেন আজমল, যার ২৪টিই ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচে।পিসিবি পরশু পুরস্কার দিয়েছে ১৮টি বিভাগে। যেখানে অলরাউন্ড নৈপুণ্যের জন্য বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ওয়ানডে ও টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান হয়েছেন নাসির জামশেদ। টেস্টের সেরা আজহার আলী। সেরা উদীয়মান ক্রিকেটার ফাস্ট বোলার জুনাইদ খান। ওয়েবসাইট।