আজমলের তূণে নতুন তীর
ইংলিশদের ঘায়েল করার জন্য ‘নতুন অস্ত্র’ নিয়ে অপেক্ষায় রয়েছেন সাঈদ আজমল। ১৭-২১ জানুয়ারি দুবাই টেস্ট দিয়ে শুরু হচ্ছে যে তিন ম্যাচের সিরিজ, তাতেই পাকিস্তানি এই স্পিনার প্রয়োগ করবেন তাঁর গবেষণার নতুন ফসল ‘বিশেষ ডেলিভারি’।আসন্ন সিরিজের জন্য লাহোরে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। লাহোরের অনুশীলন ক্যাম্পেই নতুন আবিষ্কারের কথা বললেন আজমল, ‘আমি একটি বিশেষ ডেলিভারি নিয়ে কাজ করছি।’ তবে এটির রহস্য আবার ফাঁস করতে চান না তিনি, ‘আমি এ সম্পর্কে আপনাদের কিছুই বলব না। এটি দেখেই বুঝতে পারবেন।’স্পিন আক্রমণে সাম্প্রতিক সময়ে আজমলই পাকিস্তানের বড় ভরসা। বিদায়ী বছরে ২৩.৮৬ গড়ে সর্বোচ্চ ৫০ উইকেট নিয়ে সেই প্রমাণও রেখেছেন। সুতরাং, ইংল্যান্ড সিরিজেও একটা ভূমিকা রাখতে চান। ‘নতুন অস্ত্র’ উদ্ভাবন ওই চাওয়ারই অংশ। কিন্তু উল্টোটাও মাথায় রাখছেন আজমল, ‘যদি এটি (নতুন ডেলিভারি) কার্যকর প্রমাণিত না হয়, তাহলে আমি আমার সেই সব ডেলিভারির ওপরই মনোনিবেশ করব, যেগুলো ব্যবহার করে আমি সফল হয়েছি এবং চাইব বোলিংয়ে বৈচিত্র্য ধরে রাখতে।’ ইংলিশ ব্যাটসম্যানদের জন্য তাঁদের বিশেষ পরিকল্পনাও আছে বলে জানালেন সাঈদ, ‘পুরোপুরি প্রস্তুত হয়েই সিরিজ খেলতে যাচ্ছি আমরা। ওদের ব্যাটসম্যানদের জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছি। আমার ওপর যে দায়িত্ব আছে, সেটি নিয়ে আমি সচেতন এবং খেলার জন্য প্রস্তুত।’ এ ক্ষেত্রে আজমলের প্রেরণা হতে পারে আরব আমিরাতে খেলা পাকিস্তানের সর্বশেষ সিরিজটি। গত বছর অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ টেস্টের ওই সিরিজে নিয়েছিলেন ১৮ উইকেট।স্পিনার আজমলের সাফল্যের মূলে আছে দুসরা। অনেক ব্যাটসম্যানের কাছেই যে বলটি এখনো দুর্বোধ্য, সেই দুসরাতেই বেশি স্বচ্ছন্দ আজমল, ‘ফ্লাইট দিতে গেলে বোলিং ভালো হয় না আমার। একটু দ্রুতগতির বলে বৈচিত্র্য আনতে পারি আমি। আমার সাফল্যের ৯০ ভাগই যদি আসে দুসরায়, তাহলে কেন তা ব্যবহার করব না আমি?’স্পিনে পাকিস্তানের যেমন বড় অস্ত্র আজমল, ইংল্যান্ডের তেমনি গ্রায়েম সোয়ান। আজমল গত বছরের সর্বোচ্চ উইকেটশিকারি হলেও সোয়ান র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা স্পিনার। আসন্ন সিরিজটা তাই দুই স্পিনারের শ্রেষ্ঠত্বের লড়াইও দেখবে। এটা সিরিজটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলেই মনে করেন আজমল। ওয়েবসাইট।