আজমলের ‘অ্যাকশন’ নিয়ে ভারতীয়দের প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি স্পিনার সাঈদ আজমলের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় দলের জ্যেষ্ঠ ক্রিকেটাররা। শুধু প্রশ্ন তোলা নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছেন তাঁরা। আইসিসির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা পিটিআই।ওই সূত্র জানায়, ভারতের জ্যেষ্ঠ ক্রিকেটাররা অভিযোগ করেছেন, বল করার সময় ‘চাকিং’ করেন আজমল।আজমলের বোলিং নিয়ে বিতর্কটা অবশ্য নতুন নয়। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁর বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ অফিসিয়ালরা। দুবাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৫৫ রান দিয়ে ৭ উইকেট শিকারের পর আবারও তাঁর বোলিং নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা।সম্প্রতি বিবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে ৩৪ বছর বয়সী আজমল দাবি করেন, বল করার সময় কনুই ২৩.৫ ডিগ্রি পর্যন্ত বাঁকাতে আইসিসির কাছে ‘বিশেষ’ অনুমতি পেয়েছেন তিনি। তবে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পরে এক ব্যাখ্যায় জানায়, আজমলকে বিশেষ কোনো সুবিধা দেওয়া হয়নি।আইসিসির নিয়মানুযায়ী, বল করার সময় একজন বোলার তাঁর কনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকাতে পারবেন। এর বেশি হলে বোলিং ‘অবৈধ’ বলে বিবেচিত হবে।সাক্ষাত্কারে আজমল বলেছিলেন, ‘আমি আমার বোলিং অ্যাকশন সম্পর্কে জানি না। কিন্তু কেউ কেউ বলেন, আমার অ্যাকশন খারাপ। দুর্ঘটনায় হাতে আঘাত পেয়েছিলাম বলে আইসিসি আমাকে কনুই ২৩.৫ ডিগ্রি পর্যন্ত বাঁকাতে বিশেষ অনুমতি দিয়েছে। আইসিসি পরিষ্কার জানিয়েছে, এর বাইরে আমার কোনো সমস্যা নেই।’