আজহার কী ফিরতে পারবেন ক্রিকেটে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আজহারউদ্দিন
মোহাম্মদ আজহারউদ্দিন

মোহাম্মদ আজহারউদ্দিন কোনো দলকে প্রশিক্ষণ দিতেই পারেন। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যানটিকে কোচ হিসেবে পেলে বর্তেই যাবে যেকোনো দল। কিন্তু কথা হচ্ছে, তিনি কী সত্যিই খুব সহজে নতুন এই ভূমিকায় অবতীর্ণ হওয়ার মতো অবস্থায় আছেন?
আজহার প্রস্তাব পেয়েছেন জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোচ হওয়ার। এখনো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না নেওয়া নিয়ে আজহার কিছু না ভাবলেও বাস্তব কারণেই আজহার এ মুহূর্তে জম্মু ও কাশ্মীরের কোচ হওয়ার মতো অবস্থায় নেই বলেই জানা গেছে।
ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দেওয়া ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে আজহার দোষী সাব্যস্ত হয়েছিলেন সেই ২০০০ সালে। ভারতীয় ক্রিকেট বোর্ড আজহারের এই অপকর্মের শাস্তিও দিয়েছিল আজীবনের জন্য তাঁকে ক্রিকেট থেকে বহিষ্কার করে। যদিও গত বছর অন্ধ্র প্রদেশ হাইকোর্ট আজহারের বহিষ্কারাদেশকে ‘অবৈধ’ ঘোষণা করেছেন, কিন্তু বোর্ড সেই রায় চ্যালেঞ্জ করায় বহিষ্কারাদেশ বহাল আছে এখনো। এর মধ্যেই ভারতের জাতীয় রাজনীতিতে আবির্ভূত হয়েছেন আজহার। তিনি এই মুহূর্তে সরকারি দল কংগ্রেসের টিকিটে উত্তর প্রদেশের মোরাদাবাদ নামের এক এলাকার নির্বাচিত সাংসদ।
সাংসদ হলেও এ ক্ষেত্রে আজহারকে বিসিসিআই কোনো ছাড় দেবে না বলেই জানা গেছে। বিসিসিআইয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আজহারকে খুব তাড়াতাড়িই ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে দিতে পারার ব্যাপারে কিছুটা শক্ত অবস্থানেই আছে বিসিসিআই।

বিসিসিআইয়ের মতে, অন্ধ্র প্রদেশের হাইকোর্ট আজহারের ব্যাপারে যে রায় দিয়েছেন, তাতে তাঁর ম্যাচ পাতানোয় জড়িত থাকার ব্যাপারে কিছু বলেননি। আজহার ম্যাচ পাতানোয় জড়িত ছিলেন না—এমন মন্তব্যও হাইকোর্ট করেননি। যেহেতু বোর্ড আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে, তাই আজহারের ওপর নিষেধাজ্ঞা এখনো বলবত্ আছে। তাই এ মুহূর্তে ভারতীয় ক্রিকেটের যেকোনো পর্যায়ে, কোনোভাবে জড়িত হওয়ার সুযোগ আজহারের নেই।

২০০০ সালে ম্যাচ পাতানোর অভিযোগে আজহারের সঙ্গে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্পিনার অজয় শর্মা। গত ১৩ বছর তাঁকে ক্রিকেটের কোনো পর্যায়েই দেখা যায়নি। আজহার ও শর্মার সঙ্গে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন অজয় জাদেজা ও মনোজ প্রভাকর। জাদেজা এই মুহূর্তে টেলিভিশন ভাষ্যকার হিসেবে কাজ করছেন। প্রভাকর দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে কোচ হিসেবে দায়িত্বরত আছেন।