আজহার মাহমুদের চোখে শচীনই বিশ্বসেরা
শচীন টেন্ডুলকারকে বিশ্বসেরা বলে রায় দেওয়ার লোকের অভাব নেই। পুরোনো রায়টাই যেন নতুন করে দিলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ।বর্তমানে ব্রিটিশ নাগরিক মাহমুদ খেলছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজ কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। ব্রিটিশ পত্রিকা ডেইলি টাইমসকে মাহমুদ বলেছেন, ‘কোনো সন্দেহ নেই, শচীনই বিশ্বের সেরা ক্রিকেটার।’২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে খেলেছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। কিন্তু ওই বছরের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ হয়ে যায়। পাকিস্তানিদেরও আর দেখা যায়নি আইপিএলে। এবার অবশ্য ধারাভাষ্যকার হিসেবে আইপিএলে আছেন পাকিস্তানের রমিজ রাজা। এবার অবশ্য অলরাউন্ডার মাহমুদকে দুই লাখ ডলারে কেনে পাঞ্জাব। তবে পাকিস্তানি হিসেবে নন, মাহমুদ সুযোগ পান তাঁর ব্রিটিশ পাসপোর্ট থাকার সুবাদে। ‘ইংলিশ’ ক্রিকেটার হিসেবেই আইপিএলে খেলছেন আজহার।বিশ্বের নামি-দামি সব ক্রিকেটারদের সঙ্গে আইপিএলে খেলার সুযোগ পাওয়াকে দারুণ এক অভিজ্ঞতা হিসেবে দেখেন মাহমুদ। তিনি বলেছেন, ‘আইপিএলে বিশ্বের বড় বড় সব তারকার সঙ্গে একই ড্রেসিং রুমে সময় কাটানো দারুণ এক অভিজ্ঞতা। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলতে পেরে আমি খুশি।’মাহমুদ অবশ্য নিজেকে বেশ সৌভাগ্যবানও ভাবতে পারেন! ব্রিটিশ পাসপোর্ট আছে বলেই কেবল নয়। পাঞ্জাব তাঁকে কেনার পরও যে তাঁর অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। ভারত সরকার প্রথমে তাঁকে ভিসা দিচ্ছিল না। তবে এ নিয়ে মিডিয়ায় নানা সমালোচনা হওয়ায় গত ১৩ এপ্রিল তাঁর ভিসা অনুমোদন করে ভারত।মাহমুদের ভিসা জটিলতায় হতাশা প্রকাশ করে একপর্যায়ে পাঞ্জাবের অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট বলেছিলেন, ‘মাহমুদকে ভিসা দেওয়া, না দেওয়া সরকারের ব্যাপার। সব ম্যাচে আজহার খেলতে পারবেন, এমন নিশ্চয়তা পেয়েই তাঁকে দলে নিয়েছিলাম আমরা। অথচ এখন পর্যন্ত আজহারকে পাইনি আমরা। এটা আসলে আমাদের হাতে নেই। ও দারুণ একজন ক্রিকেটার। আমরা ওকে ভীষণ মিস করছি।’তবে গিলক্রিস্টের সেই হতাশা এখন আর নেই। আইপিএলে দাপটের সঙ্গেই বিচরণ করছেন আজহার মাহমুদ।