আজহারকে ছাড়িয়ে ধোনি
ব্যাটিং নিয়ে হতাশ দুই অধিনায়কই। তবে ড্যারেন স্যামির কণ্ঠে যেটা শোনাল হাহাকারের মতো, মহেন্দ্র সিং ধোনির কণ্ঠে সেটাই যেন বিলাসিতা মনে হলো। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের কাছে প্রশ্ন ছিল, ‘জ্যামাইকা টেস্টে কোন বিষয়টির অভাব বোধ করেছে ওয়েস্ট ইন্ডিজ?’ একটু দীর্ঘশ্বাস ফেলে স্যামির উত্তর, ‘রান...পর্যাপ্ত রান করতে পারিনি আমরা।’ রাহুল দ্রাবিড় ও সুরেশ রায়নাকে প্রাপ্য প্রশংসাটুকু দিয়েছেন ধোনি, কিন্তু ভারত অধিনায়ক চিন্তিত শর্ট বলের বিপক্ষে তরুণ ব্যাটসম্যানদের দুর্বলতা নিয়ে। ব্যাটিং-ব্যর্থতায় আরেকটি পরাজয়, স্যামির হতাশাটা স্বাভাবিক। আর ম্যাচ জিতেও ধোনির ওই মন্তব্য বুঝিয়ে দিচ্ছে, শুধু জয় নয়, ভারতের চাওয়া এখন প্রতিনিয়তই নিজেদের ছাড়িয়ে যাওয়া। স্যাবাইনা পার্কে ঠিক বোঝা যায়নি লড়াইটা র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের সঙ্গে ৮ নম্বর দলের, এ জন্যই হয়তো জিতেও পুরোপুরি সন্তুষ্ট নন ধোনি। ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৯৫, ভারতের ৭ উইকেট—জ্যামাইকার শেষ দিনে ছিল রোমাঞ্চের ইঙ্গিত। কিসের কী, আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো ও শিবনারায়ণ চন্দরপলকে সাতসকালেই ফিরিয়ে দেন প্রাভিন কুমার। সব রোমাঞ্চ শেষ ওখানেই। শেষ দুই জুটির ৭৪ রান কেবল ব্যবধানই কমিয়েছে। তারপরও লো-স্কোরিং ম্যাচে ভারতের ৬৩ রানের জয়কে বড় জয়ই বলতে হবে। ৫ বছর আগে এই জ্যামাইকাতেই জিতে ক্যারিবিয়ানে প্রথম সিরিজ জিতেছিল ভারত। এবার এখানেই জিতল সিরিজের প্রথম টেস্ট। ম্যাচসেরা ক্যারিয়ারের একটা জটিল বাঁক ঘুরে দাঁড়ানো রাহুল দ্রাবিড়। দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট না হলেও এই জয়ে দারুণ এক মাইলফলক পেরিয়েছেন ধোনি। মোহাম্মদ আজহারউদ্দিনকে ছাড়িয়ে ভারতের দ্বিতীয় সফলতম টেস্ট অধিনায়ক এখন তিনিই। ব্যাটিং-ব্যর্থতাটা খোলাখুলি স্বীকার করে নিয়ে যেন নিজেরই বিপদ ডেকে এনেছিলেন স্যামি। তাঁর দিকে একের পর এক প্রশ্ন ধেয়ে এল ক্রিস গেইলের দলে না থাকা নিয়ে। স্যামি অবশ্য প্রশ্নগুলো কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছেন নানাভাবে। একবার বললেন, ‘আসলে দুই দলের মাঝে খুব বেশি পার্থক্য নেই। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আমরা জিততে পারিনি, পরাজয়টা এ কারণেই।’ আবারও প্রশ্ন, টপ-অর্ডারে গেইলের বিস্ফোরক ব্যাটিং মিস করছেন? এবার ঘুরিয়ে উত্তর, ‘শুধু এই সিরিজে নয়, ব্যাটিং ১০ বছর ধরেই আমাদের ভোগাচ্ছে। হয়তো সবচেয়ে ভালো হতো সোবার্স, ভিভ, ওয়ালকট, আরও সব গ্রেটকে ফিরিয়ে আনতে পারলে! দেখুন, ওয়েস্ট ইন্ডিজ দলে যে-ই সুযোগ পাক না কেন, তারই উচিত দায়িত্ব নিয়ে খেলে পার্থক্য গড়ে দেওয়া।’নাছোড়বান্দা সাংবাদিকের প্রশ্ন, ‘গেইল কি পার্থক্য গড়ে দিতে পারতেন?’ ‘সেটা তো বলার উপায় নেই, সে ফিরলে তখন বোঝা যাবে’—এবার স্যামির উত্তরে গেইল প্রসঙ্গের ইতি। ভারতকে দুবার অলআউট করা, চতুর্থ ইনিংসে ম্যাচের সর্বোচ্চ রান করা—এসব ইতিবাচক দিককে সঙ্গী করে পরের টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানালেন ক্যারিবিয়ান অধিনায়ক। ধোনিও জানালেন, পরের টেস্টে সত্যিকারের এক নম্বরের মতো খেলতে চায় ভারত। পরের টেস্ট শুরু ২৮ জুন, বারবাডোজে। ওয়েবসাইট।