আজহারুলের প্রথম, নাহারের চতুর্থ
১০০ মিটার স্প্রিন্ট শুরুর আগে আলোচনায় ছিলেন না। দ্রুততম মানবের সম্ভাব্য তালিকায় শোনা যাচ্ছিল গোলাম মুর্তজা ও খলিলুর রহমানের নাম। কিন্তু সবাইকে চমকে দিয়ে এবারের দ্রুততম মানব হয়েছেন আজহারুল ইসলাম। নিয়মিত ৪০০ মিটারে দৌড়ান, ১০০ মিটার নিয়ে কখনো ভাবেননি, তবে কোচের পরামর্শে প্রথমবারের মতো ট্র্যাকে নেমেই বাজিমাত করলেন সেনাবাহিনীর তরুণ আজহারুল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১০.০৯ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার শেষ করেছেন তিনি। হাতবদল হয়েছে দ্রুততম মানবীর খেতাবও। নাজমুন নাহারকে (বিউটি) হারিয়ে আবারও দ্রুততম মানবীর মুকুট মাথায় তুললেন শামসুন নাহার (চুমকি)। ১২ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন আনসারের ওই অ্যাথলেট।বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রাণহীন জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার শেষ দিনের আকর্ষণ বলতে ছিল ১০০ মিটার স্প্রিন্ট। শামসুন নাহার একসময়ের টানা তিনবার জাতীয় চ্যাম্পিয়ন। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনিই ছিলেন দ্রুততম মানবী। কিন্তু পরের বছর অলিম্পিকের দল থেকে বাদ পড়েন। ফর্মহীনতায় হতাশায় ভুগছিলেন। মাঝখানে হারিয়েই গিয়েছিলেন। কিন্তু অনুশীলন আর আত্মবিশ্বাসই আবারও তাঁকে ফিরিয়ে এনেছে আপন আলোয়। ‘আমি একসময় খুব হতাশায় ভুগতাম। তখন আমার মনে হতো আবারও কি পারব ফিরতে? অনেকেই তখন সাহস জুগিয়েছে। নিজের ভেতরে জেদ ছিল আবারও ফিরব। এবার ফর্মটা ধরে রাখতে চাই’—দৌড় শেষে বললেন শামসুন নাহার।মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে লেনও ভরেনি। সুমিতা রানী দাস ফলস স্টার্টের কারণে বাদ পড়লে মাত্র চারজন অংশ নেন। ব্যাপারটা খুব খারাপ লেগেছে শামসুন নাহারের, ‘আটজনের লেনটা অন্তত পূরণ হওয়া উচিত। এটা আমাদের অ্যাথলেটের দৈন্যদশার প্রতীক।’ গত পাঁচ বছর টানা দ্রুততম মানবী হওয়া নাজমুন নাহার (বিউটি) নিজের খারাপ পারফরম্যান্সের কারণ হিসেবে বললেন, ‘আমার সামনে বিএ পরীক্ষা। প্র্যাকটিসটা তাই ঠিকমতো করতে পারিনি। ইনজুরিও খেলায় প্রভাব ফেলেছে।’ তবে আবারও ফেরার প্রত্যয় শোনা গেল তাঁর কণ্ঠে, ‘আমি তো এখনো মরে যাইনি। দেখবেন হারানো খেতাব উদ্ধার করব।’ছেলেদের দ্রুততম মানব আজহারুল আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি একটা কিছু করবেন। গতবারের দ্রুততম মানব গোলাম মুর্তজাও দৌড়েছেন তাঁর সঙ্গে। তাঁকে টপকে সেরা হওয়াটাই তাঁকে আনন্দ দিয়েছে বেশি, ‘আমার আত্মবিশ্বাসই আমাকে সেরা বানিয়েছে। এবার অনেকগুলো ইভেন্টে দৌড়ালেও এরপর শুধু ১০০ মিটার ও ২০০ মিটারেই নজর দেব।’১৭টি সোনা, ১৩টি রুপা ও ১০টি ব্রোঞ্জ জিতে সেনাবাহিনী হয়েছে চ্যাম্পিয়ন। ৮টি সোনা, ৬টি রুপা ও ৩টি ব্রোঞ্জ জেতা আনসার রানার্সআপ। সেরা খেলোয়াড় বিকেএসপির সজীব হোসেন। মেয়েদের সেরা আনসারের রওশন আরা।