আজহারের আশ্রয় সেই ক্রিকেট
বুকে জগদ্দল পাথর হয়ে চেপে বসা শোকের পাথর থেকে মুক্তির পথ কী? ক্রিকেট! হ্যাঁ, নিজের আজন্ম ভালোবাসার ক্রিকেটের কাছেই নিজেকে সঁপে দিয়ে পুত্র হারানোর শোক ভোলার চেষ্টা করছেন মোহাম্মদ আজহারউদ্দিন। কাল হায়দরাবাদের জিমখানা মাঠে আজহার এসেছিলেন। সঙ্গে করে নিয়ে এসেছিলেন বড় ছেলে মোহাম্মদ আসাদউদ্দিনকে। ছোট ভাই আইয়াজের মৃত্যুশোক সবচেয়ে বেশি আচ্ছন্ন করে রেখেছে আসাদকেই।বাপ-বেটা মিলে বেশ কিছুক্ষণ ক্রিকেট খেলেছেন। আজহার বল করেছেন, উঠতি ফাস্ট বোলারদের দিয়েছেন টিপস। খেলোয়াড়ি জীবনে ছিলেন বিশ্বের সেরা ফিল্ডারদের একজন। কীভাবে বল তুলে থ্রো করতে হয়, দেখিয়ে দিয়েছেন সেটাও। ছেলে ব্যাটিং করার সময় পালন করেছেন উইকেটকিপার-কাম-কোচের ভূমিকা।আসাদ ঠিকমতো ব্যাটের মাঝখানে লাগাতে পারছিলেন না বল। অসন্তুষ্ট বাবা উইকেটের পেছন থেকে এগিয়ে এসেছেন। টিপস দিয়েছেন। ছেলে তাঁর দেওয়া টিপস কতটা বুঝতে পারল পরখ করে দেখেছেন সেটাও। ক্রিকেট ছেড়ে রাজনীতির মাঠে নামা আজহার কাল প্রায় ২ ঘণ্টার মতো ছিলেন জিমখানা মাঠে। খেলা শেষে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছেন হায়দরাবাদের পুরোনো বন্ধুদের সঙ্গে। সেই আড্ডায় মুগ্ধ শ্রোতা হিসেবে ছিল জুনিয়র ক্রিকেটাররাও। ওয়েবসাইট।