আজহারের নিষেধাজ্ঞা বেআইনি : আদালত
২০০০ সালে ম্যাচ পাতানোর কেলেঙ্কারি তেতো করে দিয়েছিল মোহাম্মদ আজহারউদ্দিনের ক্রিকেট জীবনের সব অর্জনকে। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর বিরুদ্ধে ম্যাচ পাতানোর প্রমাণ পেয়ে তাঁকে আজীবনের জন্য ক্রিকেট থেকে বহিষ্কার করেছিল। ফলে ৯৯টি টেস্ট খেলেই থেমে গিয়েছিল ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়কের ক্রিকেট ক্যারিয়ার। সে নিষেধাজ্ঞার এক যুগ পেরিয়ে গেছে। ১২ বছর পর এসে ভারতের অন্ধ্র প্রদেশের একটি আদালত তাঁর সেই নিষেধাজ্ঞা অবৈধ বলে ঘোষণা করেছেন। আদালতের বক্তব্য হলো, সাবেক একজন অধিনায়কের ওপর নিষেধাজ্ঞা জারি করা ভারতীয় ক্রিকেট বোর্ডের এখতিয়ারের মধ্যে পড়ে না। ১৯৮৪ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতের পক্ষে ৯৯টি টেস্ট খেলেছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। ১৯৯০-এর দশকে ভারতের বেশির ভাগ ম্যাচেই অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ২০০০ সালে ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে আজহারউদ্দিনের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হ্যানসি ক্রনিয়ের সঙ্গে আজহারকে ক্রিকেট অঙ্গন ছাড়তে হয় যাবজ্জীবন নিষেধাজ্ঞার সাজা মাথায় নিয়ে। ক্রিকেট অঙ্গনে আর কোনো দিনই ফেরা হবে না, এটা নিশ্চিত হয়ে গেলেও ২০০৬ সালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু সেবার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির বাধায় বাস্তবায়ন হয়নি এই উদ্যোগ। কারও ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এখতিয়ার একমাত্র আইসিসিরই আছে বলে দাবি করেছিল তারা। টাইমস অব ইন্ডিয়া