আজাদ-কপিলকে শিক্ষা!
স্রোতে গা না ভাসানোর মূল্য বুঝি গুনতে হচ্ছে কীর্তি আজাদকে। আইপিএলের নানা অনাচারের বিরুদ্ধে অনশন করায় বিসিসিআইয়ের এককালীন অর্থ পুরস্কারের তালিকা থেকে নাম কাটা যেতে পারে সাবেক অলরাউন্ডারের। তবে জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই শুরু করেছেন যিনি, তিনি এসবে দমে যাবেন কেন! আজাদও বলে দিয়েছেন, এভাবে তাঁকে থামানো যাবে না। আইপিএলের তিন প্লে-অফ ম্যাচের লভ্যাংশ থেকে সাবেক ১২৬ ক্রিকেটারকে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট প্রায় ৭০ কোটি রুপি অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে বিসিসিআই। ৭ টেস্ট খেলা আজাদের পাওয়ার কথা ৩৫ লাখ রুপি। কিন্তু দিন কয়েক আগে আইপিএলের নানা আর্থিক অনিয়ম নিয়ে ফিরোজ শাহ কোটলায় অনশন করেন ৫৩ বছর বয়সী সাবেক অলরাউন্ডার ও বিজেপি থেকে নির্বাচিত সাংসদ।এক অর্থে বিশ্ব ক্রিকেটেই যারা ছড়ি ঘোরায় তারা কি আর এটা মেনে নিতে পারে? এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বিসিসিআইয়ের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, আজাদের নাম কেটে দেওয়া হয়েছে। আজাদের অবশ্য এটা নিয়ে আক্ষেপ নেই, ‘আমি এখনো কোনো ইঙ্গিত পাইনি। কেউ যোগাযোগ করেনি। তবে ওরা যদি ভাবে এভাবে আমার কণ্ঠকে দমিয়ে রাখা যাবে, তাহলে ভুল করবে। আইপিএলের কঙ্কাল বেরিয়ে এসেছে। যখনই কোনো অন্যায় দেখব, আমি প্রতিবাদ জানাব।’নাম কাটাদের তালিকায় ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের এই সদস্য সম্ভবত সঙ্গী হিসেবে পাচ্ছেন তাঁর অধিনায়ককেও। ‘নিষিদ্ধ’ আইসিএলে জড়িতদের জন্য বিসিসিআই যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল কপিল সেটির সুযোগ নেননি। এক শর বেশি টেস্ট খেলায় ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডারের পাওয়ার কথা দেড় কোটি রুপি। ওয়েবসাইট।