আজাদের প্রথম অ্যাজাক্সের দ্বিতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের সাতটি ম্যাচের একটিতেও জয় ছিল না। তবে তিন ম্যাচ ড্র করেছিল আজাদ স্পোর্টিং। গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার হকিতে বাংলাদেশ স্পোর্টিংকে ৩-২ গোলে হারিয়ে কালই প্রথম জয়ের স্বাদ পেল আজাদ। আজাদের রোমান দুটি ও শোয়েব একটি গোল করেছেন। বাংলাদেশ স্পোর্টিংয়ের দুটি গোল শোধ করেছেন রাকিব উদ্দিন ও আবদুস সামাদ। আট ম্যাচে এক জয় ও তিন ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আজাদ।অন্য ম্যাচে অ্যাজাক্স ৬-২ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন ইমতিয়াজ। বাকি দুটি গোল করেছেন তৈমুর ও ফয়সাল। পুলিশের গোলদাতা রানা ও জুয়েল। সাত ম্যাচে অ্যাজাক্সের এটি দ্বিতীয় জয়। ৭ পয়েন্ট নিয়ে সপ্তম অ্যাজাক্স। আট ম্যাচের সব কটি জিতে ২৪ পয়েন্ট পাওয়া মোহামেডান রয়েছে শীর্ষে। সাত জয় নিয়ে ২১ পয়েন্ট পাওয়া আবাহনী দ্বিতীয়।