সেমিফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা মারিয়া শারাপোভাকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জয়ের চমৎকার সম্ভাবনা তৈরি করেছিলেন লি না। কিন্তু ২০১১ সালের মতো এবারও ফাইনালে হেরে শেষ হয়েছে লি নার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বপ্ন। উত্তেজনাপূর্ণ ফাইনালে লি নাকে ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বাদ পেয়েছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা।ম্যাচে প্রথম সেটটা জিতে শুরুটা কিন্তু দারুণ হয়েছিল লি নার। ৬-৪ গেমে প্রথম সেটটা হারার পর ঘুরে দাঁড়ান আজারেঙ্কা। দ্বিতীয় সেটে এগিয়ে যান ৩-১ গেমে। এ সময় দুর্ভাগ্যও ভালোমতো পেয়ে বসে লি নাকে। পড়ে গিয়ে ব্যথা পান বাম গোড়ালিতে। প্রাথমিক চিকিত্সা শেষে আবার কোর্টে ফিরতে পারলেও সেটটা তিনি হেরে যান ৬-৪ ব্যবধানে। ফলাফল নির্ধারণী তৃতীয় সেটে আবারও শুরুতে এগিয়ে যান লি না। ২-১ গেমে এগিয়ে থাকার সময় আবারও পায়ে ব্যথা পান ২০১১ সালের ফ্রেঞ্চ ওপেনজয়ী এই তারকা। এরপর উত্তেজনা ছড়াতে পারলেও শেষ পর্যন্ত ৬-৩ গেমের হার নিয়েই ম্যাচটি শেষ করতে হয় চীনের এই নারী তারকাকে। চোটের দুর্ভাগ্য লিনাকে বেঁধে রাখলেও নিজের খেলাটা কিন্তু দুর্দান্তই ছিল ভিক্টোরিয়া আজারেঙ্কার। রয়টার্স।