আজারেঙ্কার প্রতিশোধ ও নাদালের শিরোপা
প্রথম সুযোগেই প্রতিশোধ নিয়ে নিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। কাতার ওপেনের সেমিফাইনালে উঠেই তাঁকে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে সরিয়ে দেওয়া নিশ্চিত করে ফেলেছিলেন সেরেনা উইলিয়ামস। আজ যখন নতুন র্যাঙ্কিং প্রকাশিত হবে, সেরেনা গড়ে ফেলবেন সবচেয়ে বেশি বয়সে এক নম্বর হওয়ার রেকর্ড। কিন্তু সেই আনন্দটা পরিপূর্ণ হবে না। কারণ কাল ফাইনালে আজারেঙ্কার কাছে হেরে গেছেন সেরেনা। সেরেনার বিপক্ষে টানা নয়টি ম্যাচে হারার পর আজারেঙ্কার এই জয় ৭-৬ (৮/৬), ২-৬, ৬-৩ গেমে। দুজনের মধ্যকার ১৩টি ম্যাচে এটি আজারেঙ্কার মাত্র দ্বিতীয় জয়। প্রতিক্রিয়ায় অবশ্য তেমন উচ্ছ্বাসের প্রকাশ নেই, ‘আমি শুধু লড়াই করতে চেয়েছি। নিজেকে গুছিয়ে নিতে না পারলে সেরেনার সঙ্গে পেরে ওঠা কঠিন।’ শীর্ষস্থান হারানোটা আজারেঙ্কার মনোবেদনার কারণ হওয়াটাই স্বাভাবিক। কারণ ২০১৩ সালে এখন পর্যন্ত তিনি অপরাজিত।আজারেঙ্কার কাছে সেরেনার পরাজয়ের চেয়েও বোধ হয় বড় খবর সাত সমুদ্র তেরো নদীর ওপারে রাফায়েল নাদালের আবার ট্রফি তুলে ধরা। ব্রাজিল ওপেনের ফাইনালে নাদাল ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন ডেভিড নালবান্দিয়ানকে। হাঁটুর চোটের কারণে দীর্ঘদিন কোর্টের বাইরে থাকার পর গত সপ্তাহে চিলি ওপেনে ফিরে একক ও দ্বৈত দুটির ফাইনালেই হেরেছিলেন নাদাল। কালকের ফাইনালেও তাঁকে সেরা ফর্মের কাছাকাছি বলেও মনে হয়নি। তবে যা খেলেছেন, তাতেই এক ঘণ্টা ১৮ মিনিটের মধ্যে ম্যাচ শেষ। এই টুর্নামেন্টে নাদালের এটি দ্বিতীয় শিরোপা, সব মিলিয়ে ৫১তম। গত বছর জুনে সপ্তমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের পর এই প্রথম তাঁর মুখে বিজয়ীর হাসি। গ্যালারিতে বসে যা দেখেছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদো। তথ্যসূত্র: ওয়েবসাইট।