আজি যত তারা বিশ্বকাপে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুমকে বশ মানিয়ে যাঁরা বুঁদ হয়ে ছিলেন টিভির পর্দায়, তাঁরা নিশ্চয়ই এখন আর কোনো অভিযোগ করবেন না। এখন পর্যন্ত এই বিশ্বকাপ তো দুহাত ভরেই দিয়েছে!
এই বিশ্বকাপ মনে হয় মন ভরিয়ে দেবে। শুরুর দিন থেকে যে শুরু রোমাঞ্চের নাগরদোলার, সেটা যেন এখন আকাশ ছুঁতে চাইছে। ১৯৫৮ বিশ্বকাপের পর থেকে কোনো বিশ্বকাপ এ পর্যন্ত এত গোল দেখেনি।
শুরুটা নেইমারকে দিয়েই। প্রথম দিনেই সাও পাওলোতে ব্রাজিলের স্বপ্নসারথি ছড়িয়ে দিয়েছেন হলুদ উচ্ছ্বাস। বিশ্বকাপ অভিষেকেই দুটি গোল করে জানিয়ে দিয়েছেন, ‘হেক্সা’ এনে দেওয়ার জন্য তিনি প্রস্তুত। দুর্দান্ত খেলেছেন ব্রাজিলের আরেক ভরসা অস্কারও।
তবে সবচেয়ে বড় উপহার দিয়েছেন আসলে রবিন ফন পার্সি ও আরিয়েন রোবেন। তাঁদের সামর্থ্য নিয়ে সংশয় ছিল না কখনোই। কিন্তু দুজন মিলে স্পেনকে নিয়ে তো ছেলেখেলাই করেছেন। ফন পার্সির ওই বাতাসে ঝাঁপিয়ে হেডে দেওয়া গোলটা চোখে লেগে থাকবে বহুদিন। ওই দিনই আলো ছড়িয়েছেন চিলির সবচেয়ে বড় তারকা আলেক্সিস সানচেজ।
ফ্যালকাও নেই, কলম্বিয়ার স্বপ্ন এখন জেমস রদ্রিগেজকে ঘিরে। দুর্দান্ত খেলে এই তরুণ উইঙ্গার জানিয়ে দিয়েছেন, আলো ছড়াতেই এসেছেন তিনি। ফ্রাঙ্ক রিবেরির চোটে একই রকম প্রত্যাশা ছিল করিম বেনজেমাকে ঘিরেও। দারুণ দুই গোলে সেই আশার প্রতিদানই দিয়েছেন ফ্রান্স স্ট্রাইকার।
মারিও বালোতেল্লির ক্ষেত্রে ব্যাপারটা আবার অন্য রকম। খ্যাপাটে ইতালিয়ান স্ট্রাইকার কোন দিনে জ্বলে উঠবেন, সেটা সম্ভবত তিনি নিজেও জানেন না। ইতালির সৌভাগ্য, ইংল্যান্ডের সঙ্গে বালোতেল্লি নিজের সামর্থ্যের বেশ খানিকটা দেখাতে পেরেছেন! লিওনেল মেসির সামনে ছিল আট বছরের আক্ষেপ দূর করার চ্যালেঞ্জ। প্রথম ম্যাচেই নিজের ‘ট্রেডমার্ক’ গোল করে মেসি খেলেছেন তাঁর মতোই। তবে এখন পর্যন্ত টমাস মুলারের কাছে সবাই মোটামুটি ম্লান। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকটা তো এই জার্মান ফরোয়ার্ডেরই।
তবে এতসব নক্ষত্রের ভিড়ে ক্রিস্টিয়ানো রোনালদো ও ওয়েইন রুনি যেন মিলিয়ে গেছেন দূর আকাশে। পর্তুগালের রোনালদো মাঠ ছেড়েছেন হতাশা সঙ্গী করে, আর রুনির তো প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়েই সংশয়। তবে আলো ছড়ানোর আকাশটা এখনো হারিয়ে যায়নি। দেখা যাক, কখন তাঁরা জ্বলে ওঠেন।