আজীবন নিষিদ্ধ মোগি
সাধারণ একজন রেলকর্মী থেকে জুভেন্টাসের সাধারণ সম্পাদক হয়েছিলেন। ভাগ্য সহায় না হলে কি আর এমন হয়! ইতালির সংবাদমাধ্যম তো লুসিয়ানো মোগির নাম দিয়েছিল ‘ভাগ্যবান লুসিয়ানো’। কিন্তু ইতালির এই ‘ভাগ্যপুত্র’ এবার আর ভাগ্যের ছোঁয়া পাননি। ম্যাচ পাতানোর শাস্তি হিসেবে আজীবন নিষিদ্ধ হয়েছেন।২০০৬ সালে ইতালির ফুটবলকে কলঙ্কের কালিতে ছেয়ে ফেলা ম্যাচ পাতানোর ঘটনার জেরে নিষিদ্ধই ছিলেন। সেবার শাস্তিস্বরূপ জুভেন্টাসের ২০০৫ ও ২০০৬ সালের শিরোপা কেড়ে নেয় ইতালির ফুটবল ফেডারেশন। সঙ্গে মোগিকে ম্যাচ পাতানোর দায়ে নিষিদ্ধ করে ৫ বছরের জন্য।মোগি অবশ্য সব সময়ই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন। ফুটবল তাঁর জীবন, ফুটবল তাঁর মরণ—৫ বছরের নিষেধাজ্ঞা পাওয়ার পর এর সঙ্গে তিনি এও বলে বেড়িয়েছেন, ‘আমি আমার আত্মাকে মিস করছি, এটাকে মেরে ফেলা হয়েছে।’ইতালির ফুটবল ফেডারেশনের কথা ঠিক এর উল্টো। মোগি ইতালির ফুটবলের সর্বনাশ করেছেন—ফেডারেশনের কথার সারবত্তা দাঁড়ায় এটাই। আবার নতুন করে যে ম্যাচ পাতানোর বিষবাষ্প ধেয়ে আসছে ইতালির ফুটবলে, সে কারণেও দোষী সাব্যস্ত মোগি। তাই এই আজীবন নিষেধাজ্ঞা। রয়টার্স, ওয়েবসাইট।