আজীবন নিষিদ্ধ রিজওয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এশিয়া কাপ ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চের সামনেই ঘটেছিল অপ্রীতিকর ঘটনাটা। এশিয়া কাপের সম্প্রচার স্বত্বাধিকারী টোটাল স্পোর্টসের মালিক মঈনুল হক চৌধুরীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাঁর নাকে মাথা দিয়ে আঘাত করার চেষ্টা করেন বিসিবির টাইটেল ও ইন স্টেডিয়া স্পনসর স্বত্বাধিকারী এক্সিওম টেকনোলজিসের কর্ণধার রিজওয়ান বিন ফারুক।
অন্যদের হস্তক্ষেপে বিষয়টা বেশি দূর না গড়ালেও কাল বিসিবি কার্যালয়ে বিসিবির শৃঙ্খলা কমিটির সভায় কঠোর সিদ্ধান্তই নেওয়া হয়েছে রিজওয়ান বিন ফারুকের বিরুদ্ধে। সভা শেষে কমিটির প্রধান ও বিসিবির সহসভাপতি আ জ ম নাছির উদ্দীন সাংবাদিকদের বলেছেন, ‘এখানে দেশের ও বোর্ডের ভাবমূর্তির বিষয় জড়িত। সে জন্য আমরা কঠোর অবস্থান নিয়েছি। তাঁকে (রিজওয়ান বিন ফারুক) স্টেডিয়ামপাড়ায় আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।’
রিজওয়ান বিন ফারুকের সঙ্গে বিসিবির টাইটেল ও ইন স্টেডিয়া স্পনসর স্বত্বের বর্তমান চুক্তি শেষ হয়ে যাবে আগামী জুনে। তবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি বরিশাল বুলসের মালিকপক্ষেও আছেন তিনি। শৃঙ্খলা কমিটির প্রধান স্পষ্ট করলেন সে ব্যাপারেও, ‘উনি কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কোনোভাবে সম্পৃক্ত থাকতে পারবেন না। ক্রিকেট বোর্ড-সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডেই থাকতে পারবেন না।’
মাঠে কেন ও রকম একটা ঘটনা ঘটল সেটা বিসিবির বিবেচ্য বিষয় নয় বলে জানিয়েছেন আ জ ম নাছির, ‘ঘটনার চাক্ষুষ সাক্ষী আছে। তাঁদের বক্তব্য শুনে আমরা নিশ্চিত হয়েছি, উনি অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন। ওনাদের মধ্যে কী সমস্যা সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়।’
শাস্তির বিষয়ে মুঠোফোনে রিজওয়ান বিন ফারুকের বক্তব্য জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমি সাংবাদিকদের কাছ থেকেই খবরটা শুনলাম। বিসিবির কাউকে ফোনে পাচ্ছি না। সভাপতিও নাকি দেশের বাইরে। শৃঙ্খলা কমিটি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। তবে আমি আশাবাদী সব ঠিক হয়ে যাবে।’ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে বিসিবি থেকে তাঁকে কোনো কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়নি এবং তাঁর কাছ থেকে কোনো ব্যাখ্যাও চাওয়া হয়নি বলে দাবি এক্সিওম টেকনোলজিসের মালিকের।
একই সভায় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ম্যাচ রেফারি রকিবুল হাসানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শৃঙ্খলা কমিটি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিসিবি পরিচালকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিসিবির সব ধরনের কর্মকাণ্ড থেকে তাঁকেও বহিষ্কার করে রাখা হয়েছিল। কাল শৃঙ্খলা কমিটির প্রধান জানালেন, ‘তিনি ঘটনার জন্য পুরোপুরিভাবে অনুতপ্ত ও লজ্জিত। বলেছেন, ভবিষ্যতে আর কখনো এ রকম হবে না। এটা আমরা বিবেচনায় নিয়েছি। ওনার ব্যাপারে মৌখিকভাবে যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলো আমরা প্রত্যাহার করেছি।’