আজীবন নিষিদ্ধ শ্রীশান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীশান্ত
শ্রীশান্ত

আজীবন নিষিদ্ধ হলেন শ্রীশান্ত। আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে কাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এই শাস্তি দিয়েছে ভারতীয় ফাস্ট বোলারকে। রাজস্থান রয়্যালসে শ্রীশান্তের সতীর্থ স্পিনার অঙ্কিত চাবানও আজীবন নিষেধাজ্ঞা পেয়েছেন। কাল দিল্লিতে বিসিসিআইয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকেই নেওয়া হয় এই শাস্তির সিদ্ধান্ত। এর আগে রবি সাওয়ানির নেতৃত্বে গঠিত বিসিসিআইয়ের তদন্ত কমিটি শ্রীশান্তদের দোষী সাব্যস্ত করে প্রতিবেদন জমা দেয় বোর্ডে।
রাজস্থান রয়্যালসের সাবেক ক্রিকেটার ও জুয়াড়ি অমিত সিং পাঁচ বছর নিষিদ্ধ হলেও অল্পতেই পার পেয়েছেন সিদ্ধার্থ ত্রিবেদী। অবশ্য ত্রিবেদী শাস্তি পেয়েছেন ম্যাচ পাতানোর ষড়যন্ত্রের কথা জেনেও কর্তৃপক্ষকে না জানানোয়। ২১ বছর বয়সী ক্রিকেটার হারমিত সিংয়ের বিরুদ্ধে একই অভিযোগ উঠলেও প্রমাণের অভাবে বেঁচে গেছেন শাস্তির হাত থেকে। শ্রীশান্ত ও চাবানের সঙ্গে গত মে মাসে গ্রেপ্তার হওয়া অফ স্পিনার অজিত চান্ডিলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। প্রধান তদন্ত কর্মকর্তা সাওয়ানি এখনো জিজ্ঞাসাবাদ করতে পারেননি চান্ডিলাকে।
শ্রীশান্ত ও চাবানের আজীবন নিষিদ্ধ হওয়াটা অনুমিতই ছিল। সাওয়ানি তাঁর প্রতিবেদনে এই দুজনকে আজীবন নিষিদ্ধ করার প্রস্তাবই করেছিলেন। কিন্তু শাস্তির খবরে ৩০ বছর বয়সী শ্রীশান্ত যেন আকাশ থেকে পড়েছিলেন। টুইটারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিস্ময় প্রকাশ করেছিলেন ভারতের হয়ে ২৭টি টেস্ট ও ৫৩টি ওয়ানডে খেলা এই ক্রিকেটার। ‘বিস্ময়কর’, ‘খবরের চ্যানেলগুলো দেখলাম...আমি আজীবন নিষিদ্ধ হয়েছি? খুবই বিস্ময়কর!!’। অবশ্য কিছু সময় পরই বার্তাটি মুছে ফেলেছেন শ্রীশান্ত।
ত্রিবেদী নিষিদ্ধ হয়েছেন শুধু বিসিসিআই আয়োজিত টুর্নামেন্ট থেকে। অন্যরা বিসিসিআই তো বটেই খেলতে পারবেন না সহযোগী কোনো সংগঠন আয়োজিত টুর্নামেন্টেও।
সাওয়ানি কমিটির প্রতিবেদন বিসিসিআই প্রকাশ না করলেও ভারতীয় ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস কালই প্রকাশ করেছে। প্রতিবেদনে বিসিসিআইকে কঠোর হওয়ার আহ্বান জানান সাওয়ানি, ‘এমন যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত যাতে সবাই কঠোর এই বার্তাটা পায় যে খেলাটিতে কোনো ধরনের দুর্নীতি বিসিসিআই বরদাশত করবে না।’
প্রায় সব ক্রিকেটারকেই দুর্নীতিবিরোধী শিক্ষা দেওয়া হয়েছে উল্লেখ সাওয়ানি কোনো ধরনের ছাড় না দেওয়ার পরামর্শ দেন বিসিসিআইকে, ‘দুর্নীতিবিরোধী শিক্ষা কোনো প্রভাবই ফেলতে পারেনি ওদের আচরণে। তাই এই খেলোয়াড়েরা ক্ষমার অযোগ্য।’
বাজিকরদের কাছ থেকে টাকা নিয়ে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গত ১৬ মে মুম্বাইয়ে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হন শ্রীশান্ত, চান্ডিলা ও চাবান। রাজস্থান রয়্যালস বহিষ্কার করে ক্রিকেটারদের, বিসিসিআই শুরু করে তদন্ত। বোর্ডের শাস্তির বাইরেও জেল খাটার হুমকিতে আছেন অভিযুক্তরা। আদালতে দোষী প্রমাণিত হলেই শাস্তি। গত জুলাইয়ে আইপিএল কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে অপরাধ সংগঠন, প্রতারণা ও অসততার দায়ে অভিযোগ গঠন করে দিল্লি পুলিশ। এএফপি, ক্রিকইনফো।