আজীবন নিষিদ্ধ হলেন শ্রীশান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ হয়ে গেল শ্রীশান্তের ক্যারিয়ার
শেষ হয়ে গেল শ্রীশান্তের ক্যারিয়ার

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোয় আজীবন নিষিদ্ধ হলেন শ্রীশান্ত। অভিযুক্ত ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় শাস্তিটা শ্রীশান্তের পাশাপাশি পেয়েছেন অঙ্কিত চাভানও। আজীবন নিষিদ্ধ হয়েছেন মুম্বাইয়ের এই স্পিনারও। ক্রিকেটার থেকে বাজিকর হয়ে যাওয়া অমিত সিংকে নিষিদ্ধ করা হয়েছে পাঁচ বছরের জন্য। সিদ্ধার্থ ত্রিবেদী নিষিদ্ধ হয়েছেন এক বছরের জন্য। অজিত চান্ডিলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে পরে। গত বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য হারমিত সিং কোনো সাজা পাননি। তাঁর বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আজ দিল্লিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

সরাসরি স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত না থাকলেও জুয়াড়িদের প্রস্তাব সম্পর্কে ক্রিকেট বোর্ডকে অবহিত না করার অভিযোগ আনা হয়েছিল ত্রিবেদী ও হারমিতের বিরুদ্ধে। এই দুজনের মধ্যে সাজা পেয়েছেন কেবল ত্রিবেদীই।

আইপিএলের ষষ্ঠ আসরে স্পট ফিক্সিং কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার পর গত জুন মাসের শুরুতেই প্রাথমিক একটি তদন্ত প্রতিবেদন তৈরি করেছিল দিল্লি পুলিশ। বিসিসিআইয়ের চূড়ান্ত এই প্রতিবেদন তৈরির সময় নেওয়া হয়েছে আরও কঠোর অবস্থান। ক্রিকেটে দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় না দেওয়ার মনোভাব ফুটে উঠেছে এই প্রতিবেদনের মাধ্যমে।

শ্রীশান্ত খেলে এসেছেন ভারতের জাতীয় দলে। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালাটি তাঁর ভালোভাবেই জানা ছিল। রাজস্থান রয়্যালসের অন্য তিন ক্রিকেটারও পেয়েছিলেন এ-বিষয়ক বিশেষ প্রশিক্ষণ। তার পরও সবকিছু জেনেবুঝেই তাঁরা জড়িয়েছেন স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে। এই বিষয়টি মাথায় রেখে কোনো ছাড় না দেওয়ার সুপারিশই জানানো হয়েছিল চূড়ান্ত প্রতিবেদনে। সূত্র: পিটিআই ও ক্রিকইনফো।