আজীবন নিষিদ্ধ হাম্মাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। মোহাম্মদ বিন হাম্মামকে আজীবন নিষিদ্ধ করল ফিফা। হাম্মামের জন্য অবশ্য এটা দ্বিতীয় আজীবন নিষেধাজ্ঞা।এএফসির সাবেক প্রধান প্রথমবার নিষিদ্ধ হয়েছিলেন গত বছরের জুলাইয়ে। সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে ফিফা সভাপতি পদে নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু কাতারি ফুটবল প্রশাসকের সেই চাওয়া পূরণ হয়নি। নির্বাচনী লড়াইয়ে নামার আগেই দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ দিয়ে ভোট কেনার অভিযোগ ওঠে। ফিফার তদন্তে তা প্রমাণিতও হয়। ব্ল্যাটার, ফিফার তখনকার সহসভাপতি জ্যাক ওয়ার্নারসহ আরও কয়েকজন নিষিদ্ধ হন।কিন্তু এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেন হাম্মাম। সিএএস ‘যথেষ্ট প্রমাণের’ অভাবে ফিফার নিষেধাজ্ঞা বাতিল করে। এরপর ফিফার পক্ষ থেকে নতুন করে তদন্ত শুরু হয়। সেই তদন্তের একপর্যায়ে হাম্মাম ফিফা নির্বাহী কমিটি এবং এএফসির প্রধানের পদ থেকে সরেও দাঁড়ান। অবশেষে পরশু আবারও তাঁকে নিষিদ্ধ করা হলো। এবার অবশ্য আগের ঘুষ কেলেঙ্কারির জন্য নয়, হাম্মামকে নিষিদ্ধ করা হয়েছে এএফসির প্রধান থাকার সময় নীতিবহির্ভূত কাজ করার অপরাধে। রয়টার্স।