আজীবন নিষিদ্ধই থাকলেন কানেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানেরিয়া
কানেরিয়া

আপিল করেও লাভ হলো না। ইংল্যান্ড ক্রিকেটে আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা দানিশ কানেরিয়ার আপিল খারিজ করে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডিসিপ্লিনারি প্যানেল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাঁচ বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা মারভিন ওয়েস্টফিল্ডের আপিলে অবশ্য সাড়া দিয়েছে ইসিবি। এক বিবৃতিতে ইসিবি জানায়, আগামী ১ এপ্রিল থেকে ক্লাব ক্রিকেটে খেলতে পারবেন তিনি। ২০০৯ সালে এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করায় গত বছরের ফেব্রুয়ারিতে কানেরিয়ার সাবেক সতীর্থ মেলভিন ওয়েস্টফিল্ডকে চার মাসের কারাদণ্ড দেন যুক্তরাজ্যের একটি আদালত। শুনানির সময় ওয়েস্টফিল্ড দাবি করেন, পাকিস্তানি স্পিনার কানেরিয়ার প্ররোচনাতেই স্পট ফিক্সিংয়ে জড়ান তিনি। কানেরিয়ার বিরুদ্ধে অভিযোগ অবশ্য শুরু থেকেই ছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে ইসিবি ও আইসিসি তদন্ত চালায়। ২০১০ সালে পুলিশ কানেরিয়াকে জিজ্ঞাসাবাদও করেছিল। তখনকার তদন্ত বা জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তবে আদালতে ওয়েস্টফিল্ডের দেওয়া বক্তব্যের ওপর ভিত্তি করে কানেরিয়াকে অভিযুক্ত করে ইসিবি। ডিসিপ্লিনারি কমিটি সেই অভিযোগের সত্যতা পেয়ে গত বছরের এপ্রিলে আজীবন নিষিদ্ধ করে কানেরিয়াকে। অন্যদিকে ওয়েস্টফিল্ডকে নিষিদ্ধ করা হয় পাঁচ বছরের জন্য।

পাকিস্তান ক্রিকেটে বেশ আগে থেকেই ‘নিষিদ্ধ’ ছিলেন কানেরিয়া। তবে সেটা ছিল অলিখিত। তাঁর সততা নিয়ে সন্দেহ রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) গঠিত ‘নৈতিকতা’ কমিটির। যতক্ষণ পর্যন্ত এই সন্দেহ দূর না হবে, ততক্ষণ পর্যন্ত এই লেগ-স্পিনারকে জাতীয় দলে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছিল পিসিবি। বাট-আমির-আসিফদের স্পট কেলেঙ্কারির পর এই ‘নৈতিকতা’ কমিটি গঠন করা হয়। ইংল্যান্ড ক্রিকেটে কানেরিয়া আজীবন নিষিদ্ধ হওয়ার পর পিসিবি ঘোষণা দেয়, ইংল্যান্ডে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাকিস্তানের কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না কানেরিয়া। সেই আপিলে কানেরিয়া হেরে যাওয়ায় বোধ হয় পাকিস্তান ক্রিকেটেও আর দেখা যাবে না তাঁকে।