আজীবন নিষেধাজ্ঞার মুখে মুলিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ডোপ নিয়েছিলেন স্টিভ মুলিংস। দুই সপ্তাহ ধরে শুনানি শেষে পরশু তিন সদস্যের শৃঙ্খলা কমিটি নিশ্চিত করেছে, মুলিংস ডোপপাপী। নিষিদ্ধ বস্তু ফুরোসেমাইড নিয়েছিলেন তিনি। এর অর্থ, আজীবন নিষিদ্ধ। অ্যাথলেটিকসে আজীবন নিষিদ্ধ হতে চলেছেন জ্যামাইকান স্প্রিন্টার।গত ২৪ জুন, জ্যামাইকার জাতীয় ট্রায়ালে ১০০ মিটারে তৃতীয় হওয়ার পরই দেশটির ডোপিং নির্মূল কমিশনের ডোপ পরীক্ষায় পজিটিভ হন। তাঁর মূত্রনমুনায় শক্তিশালী ‘ডাইইউরেটিক’ পাওয়া যায়, যা আসল ড্রাগকে রাখে আড়াল করে। এর আগে ট্রায়ালে ২০০ মিটারেও প্রথম হয়েছিলেন মুলিংস। কিন্তু ডোপ নেওয়ার অপরাধে জ্যামাইকার গত দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়েন।মুলিংস চিহ্নিত ডোপপাপী। ২০০৪ সালেও ডোপ নেওয়ার অপরাধে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪–১০০ মিটার রিলের সোনাজয়ী। আইএএএফের নিয়ম অনুযায়ী, কোনো অ্যাথলেট ডোপ নেওয়ার অপরাধে দ্বিতীয়বার নিষিদ্ধ হওয়া মানেই নিষেধাজ্ঞাটা হবে আজীবন। মুলিংস অবশ্য বরাবরের মতোই নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। এএফপি।