দৌড়বিদ মিলখা সিং, বক্সার মেরি কমের পর এবার ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন। খেলোয়াড়দের জীবনীভিত্তিক সিনেমা বানানোর যেন ধুম লেগেছে বলিউডে। মিলখা সিং আর মেরি কমকে নিয়ে নির্মিত সিনেমা দুটি মুক্তি পেয়ে গেছে। শুরু হয়েছে আজহারউদ্দিনকে নিয়ে সিনেমা বানানোর কাজ। প্রযোজক একতা কাপুর, আজহারের চরিত্রে অভিনয় করার কথা ইমরান হাশমির। ছবিতে আজহারের ক্রিকেট জীবনের পাশাপাশি তুলে আনা হবে ব্যক্তিজীবনও। দুটিই উত্থান-পতন আর বৈচিত্র্যে ঠাসা। দীর্ঘদিন ভারতকে নেতৃত্ব দিয়েছেন, আবার ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িয়ে ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছেন আজ্জু। পরে এসেছেন রাজনীতিতে। ঝড়ঝাপটা কম যায়নি ব্যক্তিগত জীবনেও। প্রথম স্ত্রী নওরীনের সঙ্গে বিচ্ছেদ, বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে, সড়ক দুর্ঘটনায় ছেলে আয়াজের মৃত্যু। সিনেমার জন্য জমাট এক চিত্রনাট্যই বটে! ইন্ডিয়ানএক্সপ্রেস।