আজ্জুরিস অব মুসোলিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৩৪ বিশ্বকাপে এভাবেই মুসোলিনির ফ্যাসিবাদী স্লোগান দিয়ে খেলা শুরু করতো ইতালি
১৯৩৪ বিশ্বকাপে এভাবেই মুসোলিনির ফ্যাসিবাদী স্লোগান দিয়ে খেলা শুরু করতো ইতালি

যেন ক্রমশ প্রকাশ্য কোনো রোমাঞ্চকর উপন্যাস। বিশ্বকাপের আগের ১৯টি আসর নিয়ে কত গল্পগাথা। প্রথম আলো অনলাইনের নতুন এই ধারাবাহিকে ফিরে দেখা হবে বিশ্বকাপের আগের আসরগুলো। দ্বিতীয় পর্বে থাকছে ১৯৩৪ ইতালি বিশ্বকাপ—

একনায়কেরা নিজেদের আধিপত্য বিস্তারের জন্য কত কিছুই না করেন! কেউ কঠিন সব শাস্তির বিধান করেন, কেউ সামপ্রদায়িক তত্পরতা চালান, কেউ বা নিজের নামে তৈরি করেন স্থাপত্য। ইতালির ফ্যাসিবাদী স্বৈরশাসক বেনিত্তো মুসোলিনির হাত থেকে রক্ষা পায়নি নিখাঁদ বিনোদনের ফুটবলও। নিজের জনপ্রিয়তা বৃদ্ধির অনুষঙ্গ হিসেবে তিনি বেছে নেন বিশ্বকাপ ফুটবলকে। ফুটবল যে তাঁর জনপ্রিয়তা বৃদ্ধির দুর্দান্ত এক হাতিয়ার হবে—দূরদর্শী এই একনায়ক তা বুঝেছিলেন বেশ ভালোভাবেই। দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও লোকসানের ঝক্কি মেনে নিয়ে দ্বিতীয় বিশ্বকাপকে তিনি নিয়ে এসেছিলেন ইতালিতে। বিশ্বকাপ সেবারই প্রথম ডানা মেলল ইউরোপের আকাশে।


১৯৩৪ সালের বিশ্বকাপ মাঠে গড়িয়েছিল প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন উরুগুয়েকে ছাড়াই। এটিই তাই সেই একমাত্র বিশ্বকাপ, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল খেলেনি। সেবার বিশ্বকাপ খেলতে উরুগুয়ের ইতালিতে না আসার ব্যাপারটি পুরোটাই ছিল ‘পাল্টা-প্রতিশোধ’। উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে ইউরোপীয় তথা ইতালীয়দের নাকউঁচু আচরণের প্রতিবাদস্বরূপ উরুগুয়ে বিশ্বকাপ বর্জনেরই সিদ্ধান্ত নিয়ে বসে। ব্রাজিল-আর্জেন্টিনাও প্রতিবাদ জানিয়েছিল। তবে বিশ্বকাপে অংশ না নিয়ে নয়। দ্বিতীয় সারির দল পাঠিয়ে এই দেশ দুটি ইতালিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপকে এক অর্থে হেয়জ্ঞানই করেছিল।

লাতিনদের এই আচরণের সুফল অবশ্য পেয়েছিল ইউরোপীয়রা। দ্বিতীয় রাউন্ডে খেলা আটটি দলের সব কটিই ছিল স্বাগতিক মহাদেশের। ৩২টি দলের মধ্যে প্রথমবারের মতো হওয়া বিশ্বকাপের অঞ্চলভিত্তিক বাছাইপর্ব খেলা থেকে পার পায়নি স্বাগতিক ইতালিও। স্বাগতিক দলের বাছাইপর্ব খেলার দৃষ্টান্ত অবশ্য ওই একটাই। চূড়ান্ত পর্ব শুরুর তিন দিন আগে পর্যন্তও চলেছিল বাছাই, যুক্তরাষ্ট্র প্লে-অফে মেক্সিকোকে হারিয়ে ষোলোতম দল হিসেবে নাম লেখায় বিশ্বকাপে। ৩২ দেশের মধ্যে ইউরোপের বাইরের দেশ ছিল মোটে আটটি, চূড়ান্ত বাছাইকৃত ১৬ দেশের মধ্যে যার সংখ্যা গিয়ে দাঁড়ায় চারে।

প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর জন্য প্রথম ম্যাচ থেকে শুরু করে এবার বিশ্বকাপের সবগুলো ম্যাচই ছিল নকআউট। ‘জয় অথবা ক্ষয়’—এ ব্যাপারটি ছিল টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই। মুসোলিনি ফাঁকতালে নিজের চাল চেলে রেখেছিলেন আগেই। প্রতিটি ম্যাচের রেফারি ‘দ্য ডিক্টেটর’ নিজেই নির্ধারণ করেছিলেন। ফলাফল, ইতালির প্রতিটা ম্যাচই অভিযুক্ত ছিল বাজে রেফারিংয়ের অভিযোগে। সংবাদপত্রের ভাষায় ইতালির দলকে বলাই হচ্ছিল ‘আজ্জুরিস অব মুসোলিনি।’ তবে ৭-১ গোলে আগেরবারের সেমিফাইনালিস্ট যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে আজ্জুরিদের শুরুটা মারদাঙ্গা ছিল এতে কোনো সন্দেহ নেই। ব্রাজিল-আর্জেন্টিনার দ্বিতীয় সারির দল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল নিজেদের প্রথম ম্যাচের পরেই।

কোয়ার্টার ফাইনালে ইতালি-স্পেন ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসের প্রথম রি-প্লেইড ম্যাচ। অর্থাত্ নির্দিষ্ট দিনে খেলাটির ফল নিষ্পত্তি না হওয়ায় তা গড়ায় দ্বিতীয় দিনে। তখনকার নিয়ম অনুসারে অতিরিক্ত ৩০ মিনিটেও খেলার নিষপত্তি না হলে পরের দিন নতুন করে খেলাটি অনুষ্ঠিত হতো। প্রথম দিনে ১-১ গোলে অমীমাংসিত থাকা ম্যাচটি পরের দিন ১-০ গোলে জিতে নেয় স্বাগতিকেরা। যদিও রেফারির বিপক্ষে অভিযোগ ছিল ইতালির পক্ষে বাঁশি বাজানোর। এ নিয়ে স্প্যানিশদের ক্ষোভের অন্ত ছিল না। ম্যাচ শেষে তারা রীতিমতো ফুঁসছিল। এই অভিযোগের পেছনে আছে যথেষ্ট মাল-মসলা। ওই ম্যাচের সুইডিশ রেফারিকে কোয়ার্টার ফাইনালের আগের দিন ডিনারে ডেকেছিলেন মুসোলিনি। এত মানুষ থাকতে রেফারির সঙ্গে কেন ডিনার করতে যাবেন ইতালির সর্বময় ক্ষমতাধর শাসক?

ইতালির পক্ষে বাঁশি বাজানোর অভিযোগ উঠল সেমিফাইনালেও। অস্ট্রিয়ার জালে জড়ানো ইতালির একমাত্র গোলটি অফসাইড ছিল বলে মনে করেন সে সময়ের বড় বড় ফুটবলবোদ্ধা ও সাংবাদিকেরাও। ইতালির তাতে করে কী এসে-যায়। সমালোচকদের গুঞ্জন পেরিয়ে ঠিকই ফাইনালে ওঠে আজ্জুরিরা। অপর সেমিতে জার্মানিকে হারিয়ে ইতালির প্রতিপক্ষ হয় চেকোস্লোভাকিয়া।


মুসোলিনির দল ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টির জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় আসরের ফাইনাল। ইতালির শিরোপা-স্বপ্নে হুমকি দিয়ে ম্যাচের ১৫ মিনিটের মাথাতেই এগিয়ে যায় চেকরা। যদিও ১০ মিনিট পরেই সমতা ফেরান ইতালির রাইমুন্দো অরসি। ইতালি আর্জেন্টিনার কাছে কৃতজ্ঞ থাকতেই পারে এ ব্যাপারে। আগের বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে খেলা অরসি সেবার ইতালির পক্ষে খেলেছিলেন তাঁর দেশ প্রথম সারির দল না পাঠানোয়।

প্রথমার্ধের বাকি সময়টা তো বটেই, দ্বিতীয়ার্ধ জুড়েও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি দুই দলের কোনোটিই। বিশ্বকাপের ইতিহাসে অতিরিক্ত সময়ে গড়ানো প্রথম ফাইনালটি অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটের মাথায়ই ইতালির এঞ্জেলো শিয়াভিওর গোলে জিতে নেয় ইতালি। বিশ্বকাপে সেই সঙ্গে আবারও জয়ী হলো স্বাগতিক দেশ। পাঁচ ম্যাচ খেলে ইতালি সবচেয়ে কমসংখ্যক তিনটি গোল খেয়ে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও করে বসে। চেকোস্লোভাকিয়ার ওল্ডরিখ নেজেডলি পাঁচটি গোল করে হন আসরের সর্বোচ্চ গোলদাতা।


এখনো অনেকেই বলেন, ইতালি নয়, সেবার বিশ্বকাপ জিতেছিলেন মুসোলিনি। ১৯৩৪ সালের বিশ্বকাপকে তাই মুসোলিনির বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন ইতালিকে মুসোলিনির দল বললেও খুব বাড়াবাড়ি হয়ে যায় না।