আট গোলে ফরাসি বার্তা
ফ্রাঙ্ক রিবেরির শূন্যতা আসল মঞ্চে কীভাবে পূরণ করা যাবে সেটি ভিন্ন কথা । তবে পরশুর ম্যাচ ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের দুশ্চিন্তা একটু হলেও কমিয়েছে । এদিন জ্যামাইকাকে ৮-০ গোলে উড়িয়ে ব্রাজিলে একটি বার্তা পাঠিয়ে দিল ব্লুরা! গ্রুপ ‘ই’-এর তিন প্রতিপক্ষ হন্ডুরাস, সুইজারল্যান্ড ও ইকুয়েডর এখন নিশ্চয়ই আরও সমীহের চোখে তাকাবে ফ্রান্সের দিকে৷ র্যাঙ্কিংয়ের ৮১তম দলের সঙ্গে বড় জয়টা প্রত্যাশিতই ছিল। কিন্তু ব্রাজিল ছাড়ার আগে ফ্রান্সের নিজেদের মাঠের জয়টাকে বড় বললে আসলে কমই বলা হয়! ১৭ মিনিটে ইয়োহান কাবাইয়ের গোলে শুরু ফ্রান্সের গোল-উৎসব। এরপর জোড়া গোল করেছেন করিম বেনজেমা, ব্লেইজ মাতুইদি ও আতোঁয়ান গ্রিজম্যান। আরেকটি গোল রিবেরির সম্ভাব্য বিকল্প অলিভিয়ের জিরুর। পোস্টে দুবার না লাগালে বেনজেমার হ্যাটট্রিকই হয়ে যেত। ফ্রান্স আক্রমণের মূল ভরসা অবশ্য অখুশি নন, ‘জয়টা আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। আমরা ভালোই করছি।’ ১৫ জুন নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ হন্ডুরাস। এএফপি।