আট দল কেন সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে, হোল্ডিংয়ের প্রশ্ন

১৪ দল থেকে আগামী বিশ্বকাপ হয়ে যাচ্ছে দশ দলের। সেখানেও সরাসরি নিশ্চিত নয় বাংলাদেশের খেলা। র্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে ঢুকতে না পারলে বাংলাদেশকে খেলতে হবে বাছাই পর্ব। সেই বাছাই পর্ব উতরাতে পারলে তবেই মিলবে ২০১৯ বিশ্বকাপের টিকিট। বিশ্বকাপের আয়তন কমিয়ে আনা নিয়ে এমনিতেই সমালোচনার মুখে আছে আইসিসি। এরই মধ্যে মাইকেল হোল্ডিং প্রশ্ন তুললেন, কেন শুধু শেষ দুটো দলকেই খেলতে হবে বাছাই পর্ব? কেন আট দল সুযোগ পাবে সরাসরি বিশ্বকাপ খেলার? টেস্ট খেলুড়ে দল হলেই বিশ্বকাপে সুযোগ পাবে-এই সুবিধা কোনো দলেরই পাওয়া উচিত নয় বলে মনে করেন এই কিংবদন্তি।
জনপ্রিয় ক্রিকেট সাইট ক্রিকইনফোর প্রতিদিনকার আয়োজন ‘ম্যাচ পয়েন্ট’। এই ভিডিও আলোচনায় আজ হাজির ছিলেন হোল্ডিং, ইয়ান চ্যাপেল আর অজিত আগারকার। ‘কোনো টেস্ট খেলুড়ে দলেরই সরাসরি বিশ্বকাপে সুযোগ পাওয়া উচিত নয়’ শিরোনামে ভিডিওটি দেওয়া হয়েছে ক্রিকইনফোর সাইটে।
সেখানেই বিশ্বকাপকে কী করে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, জমজমাট করা যায়, এসব নিয়ে আলোচনা হচ্ছিল। আলোচনার এক পর্যায়ে হোল্ডিং বলেন, ‘বিশ্বকাপ দশ দলে কমিয়ে আনছে এতে আমার আপত্তি নেই। কিন্তু আমি মনে করি না টেস্ট খেলুড়ে দলগুলোর বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়া উচিত।’
অবশ্য তিনিও সব দলকে বাছাই পর্বে নিয়ে আসার কথা বলেননি। তিনি মনে করেন, আট দলের পরিবর্তে র্যাঙ্কিংয়ের প্রথম ছয়টি দলকে সরাসরি সুযোগ দেওয়া যেতে পারে, ‘আইসিসি যেটা করতে পারে, একটা নির্দিষ্ট সময়ে, ধরা যাক তিন বছরের মধ্যে একটা নির্দিষ্ট মধ্যের মধ্যে সেরা ছয়টি দল বিশ্বকাপে জায়গা পাবে। বাকি চারটি জায়গার জন্য লড়তে হবে সবাইকে। আপনি যদি টেস্ট খেলুড়ে দল হয়েও বাকি দলগুলোকে বা সহযোগী সদস্যদের হারাতে না পারেন, আপনার বিশ্বকাপ খেলার অধিকার নেই। আপনি টেস্ট খেলুড়ে দল বলেই সরাসরি বিশ্বকাপ খেলবেন, এটা হতে পারে না।’