এক লাফে দ্বিগুণ হয়ে যাচ্ছে জাতীয় লিগের ম্যাচ ফি। গত জাতীয় লিগে যেখানে অঙ্কটা ছিল ২০ হাজার টাকা করে, এবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হয়ে যাওয়ার পর ম্যাচপ্রতি প্রত্যেক খেলোয়াড় পাবেন ৪০ হাজার টাকা। কাল এনসিএল (জাতীয় ক্রিকেট লিগ) গভর্নিং কাউন্সিলের এক সভা শেষে জানিয়েছেন কাউন্সিলের প্রধান ও বিসিবির সিনিয়র সহসভাপতি মাহবুবুল আনাম।তবে ৪০ হাজার টাকা করে পাবেন প্রথম একাদশে থাকা খেলোয়াড়েরাই। দ্বাদশ ও ত্রয়োদশ খেলোয়াড় পাবেন এর এক-তৃতীয়াংশ। চতুর্দশ ও পঞ্চদশ খেলোয়াড়ের ম্যাচ ফি এক-চতুর্থাংশ করে। ১৪ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা থাকলেও আগেই জানা গিয়েছিল পিছিয়ে যাচ্ছে প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জাতীয় লিগ। কাল আনুষ্ঠানিকভাবে জানানো হলো, লিগ শুরু হবে ২০ অক্টোবর থেকে। শুরুতে লিগের উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ দিবারাত্রির হওয়ার কথা থাকলেও এখনো মানসম্মত গোলাপি বল না পাওয়ায় সেটি আপাতত অনিশ্চিত। মানসম্মত গোলাপি কোকাবুরা বল পাওয়া গেলেই কেবল হবে দিবারাত্রির ম্যাচ।গতবার আট দল জাতীয় লিগ খেললেও শোনা যাচ্ছিল এবার খেলবে আগের ছয়টি দলই। বাদ যাবে রংপুর ও ঢাকা মহানগর। কিন্তু গতবার চতুর্থ হওয়া ঢাকা মহানগর এবং ষষ্ঠ হওয়া রংপুর বিসিবিকে চিঠি দিয়ে অনুরোধ করেছে তাদের যেন জাতীয় লিগে রাখা হয়। তাতে সাড়া দিয়ে গভর্নিং কাউন্সিল কাল আটটি দল নিয়েই জাতীয় লিগ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি বিভাগের জন্য নির্বাচকদের দেওয়া পুল থেকে দল গঠন করবে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। এ ছাড়া প্রতিটি দল বিদেশি খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে পাঁচজন করে। এক ম্যাচে খেলানো যাবে সর্বোচ্চ দুজন। বিদেশি খেলোয়াড়দের অবশ্যই নিজ নিজ দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটার হতে হবে।জাতীয় লিগে খেলার বাধ্যবাধকতা প্রতিবারই থাকে এবং কখনোই খুব কঠোরভাবে তা মেনে চলা হয় না। তবে এবার যেন বেশ শক্ত বিসিবি। ‘জাতীয় লিগে খেলা প্রত্যেক খেলোয়াড়ের জন্য বাধ্যতামূলক। ফিজিওর সার্টিফিকেট আর আন্তর্জাতিক খেলা না থাকলে সবাইকেই লিগে খেলতে হবে’—কাল সংবাদ সম্মেলনে বলেছেন মাহবুবুল আনাম। যদি কেউ এসব কারণ ছাড়াই জাতীয় লিগে না খেলে, ভবিষ্যতে তাদের জাতীয় পর্যায়ের কোনো দলে বিবেচনা করা হবে না।দল আটটা হলেও এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি পাওয়া গেছে মাত্র দুটি। প্রাইম ব্যাংক নিয়েছে খুলনা বিভাগ ও ওয়ালটন ঢাকা। তবে মাহবুবুল আনাম আশাবাদী, অন্তত আরও দুটি দলের ফ্র্যাঞ্চাইজি তাঁরা পাবেন। যেসব দলের জন্য শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি পাওয়া যাবে না, তাদের সব খরচ বিসিবিই বহন করবে বলে জানিয়েছেন তিনি। এমনকি ফ্র্যাঞ্চাইজিবিহীন দলের খেলোয়াড়েরা ম্যাচ ফিও পাবেন ৪০ হাজার টাকা করে। ফ্র্যাঞ্চাইজিরা প্রতিটি দলের ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে বিসিবিকে বছরে ৫০ লাখ টাকা করে দেবে। এ ছাড়া ম্যাচ ফিসহ দলের আনুষঙ্গিক খরচও বহন করবে তারাই। গভর্নিং কাউন্সিল শুধু ম্যাচ পরিচালনার ব্যয় বহন করবে।ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জাতীয় লিগ নিয়ে এসব সিদ্ধান্ত আটকে যেতে পারত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জাতীয় লিগের ব্যাপারে বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর আপত্তির মুখে। বিভাগীয় ক্রীড়া সংস্থা বিসিবির অধীন নয়। তারা তাই প্রশ্ন তুলেছিল, বিসিবি কী করে বিভাগীয় ক্রীড়া সংস্থার ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে? মাহবুবুল আনামের দাবি, নিরসন হয়েছে এই জটিলতারও, ‘ফ্র্যাঞ্চাইজি কোনো বিভাগের মালিকানা কিনে নিচ্ছে না। এটার সন্তোষজনক সমাধান হয়েছে। বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।’