আট দিনের বিরতির আগে ড্র
শুরু থেকেই গোল করার অনীহা দেখা যাচ্ছিল দুই দলের মধ্যেই। বেশির ভাগ সময়ই খেলা হলো মাঝমাঠে। যেন ড্র করে এক পয়েন্ট মিললেই বর্তে যাবে দুই দল। শেষ দিকে গোলের জন্য দুই দল একটু আড়মোড়া ভেঙেছে বটে, তবে কষ্ট করে আর গোল করতে হয়নি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরামবাগ-ফরাশগঞ্জ ম্যাচটা তাই গোলশূন্য ড্র।এই প্রথম ড্র করল আরামবাগ। ছয় ম্যাচে দুই জয়ে তাদের পয়েন্ট ৭। সমান ম্যাচে ফরাশগঞ্জের পয়েন্ট ৬। ১১ দলের লিগ টেবিলে আরামবাগের অবস্থান এখন সাতে, ফরাশগঞ্জ নয়ে।২৬ মার্চ স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তাই আজ থেকে খেলা বন্ধ। ফের শুরু ২৭ মার্চ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি ও রিহার্সেলের জন্য মাঠ চেয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। বাফুফে আট দিনের জন্য দিয়েছে। অতীতেও এখানে স্বাধীনতা দিবসের শিশু-কিশোর কুচকাওয়াজ হয়েছে, তবে সাম্প্রতিক সময়ে এত লম্বা সময় খেলা বন্ধ থাকেনি।বাংলাদেশে লিগ তাই দীর্ঘায়িতই হচ্ছে। এটা অবিশ্বাস্য, দেড় মাসেরও বেশি সময়ে রহমতঞ্জ ও ফেনী সকার মাত্র ৫টি করে ম্যাচ খেলেছে। এ জন্য বাফুফেকে দায়ী করেছেন ব্রাদার্সের ম্যানেজার আমের খান। তাঁর কথা, ‘একে বাফুফের পরিকল্পনাহীনতা, তার ওপর লিগ দেখাশোনার দায়িত্বপ্রাপ্তরা অপরিপক্ব। এরা সব তালগোল পাকিয়ে ফেলছে এবং ঠিকভাবে একটা ফিকশ্চার পর্যন্ত করতে পারছে না।’