আট দেশের কাবাডিতে বাংলাদেশ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সেরা আট দেশ নিয়ে আগামী ৬-১৬ আগস্ট কানাডার টরন্টোতে হবে কানাডা কাপ কাবাডি। বিশ্ব র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা বাংলাদেশ এই প্রতিযোগিতায় নেই। আমন্ত্রণই পায়নি বাংলাদেশ!আট দেশের প্রতিযোগিতায় এশিয়া থেকে আমন্ত্রণ পেয়েছে ভারত, পাকিস্তান ও ইরান। এর বাইরে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক কানাডা। বাংলাদেশ কেন আমন্ত্রণ পায়নি সেটার কোনো কারণও খুঁজে পাচ্ছেন না ফেডারেশনের সাধারণ সম্পাদক মুনীর হোসেন, ‘আমাদের কেন আমন্ত্রণ জানায়নি তারা, সে ব্যাপারে জানতে চেয়ে এরই মধ্যে আমরা এশিয়ান কাবাডি ফেডারেশনে চিঠি পাঠিয়েছি। আশা করি, দু-এক দিনের মধ্যেই কারণটা জানতে পারব।’এশিয়ান কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষও মুনীর হোসেন। কিন্তু এশিয়া থেকে আরও তিনটি দল আমন্ত্রণ পেলেও বাংলাদেশ আমন্ত্রণ না পাওয়ায় তিনিও বিস্মিত। বিশ্ব কাবাডিতে বাংলাদেশের পারফরম্যান্স নিচের দিকে নামছে। এখন জানা গেল, সম্মানটাও ধরে রাখা যাচ্ছে না।