আট বছর পর সেই মাঠে
এম এ আজিজ স্টেডিয়াম কি এতটাই বদলে গেল! প্রেসবক্সে ঢোকার সরু গেটটাই যে খুঁজে পাচ্ছি না! কারণটা বুঝলাম পরে। অনেকবারই বেশ রাতে বেরিয়েছি এই প্রেসবক্স থেকে, তবে সন্ধ্যার পর যে ঢুকিনি কখনো।বহিরঙ্গে একটু পরিবর্তনও হয়েছে। বিপিএল জাতীয় টি-টোয়েন্টি লিগে খাজনার চেয়ে বাজনা বেশি থাকে। এখানেও আছে। আলোকসজ্জায় বিয়েবাড়ি-বিয়েবাড়ি একটা ভাব। রাস্তা বন্ধ বলে বেবিট্যাক্সি অনেকটা দূরে নামিয়ে দেওয়ায় সেই আবহ সঙ্গী করেই হেঁটে এলাম স্টেডিয়াম পর্যন্ত।প্রেসবক্সে বসে মাঠের দিকে তাকাতেই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল অনেক স্মৃতি। এই মাঠে যে আটটি টেস্ট হয়েছে, কাভার করেছি সব কটিই। প্রথম কোন স্মৃতিটা মনে হলো, বলুন তো? উত্তর হিসেবে কোনটা সবচেয়ে বেশি আসবে, তা অনুমান করতে পারছি। না, বাংলাদেশের প্রথম টেস্ট জয় নয়।স্মৃতি বড় অদ্ভুতভাবে কাজ করে। স্মৃতির মিছিলে কনুইয়ের গুঁতো দিয়ে কোনটা যে কখন কীভাবে সামনে এসে দাঁড়ায়, তা একটা রহস্য বটে। আমার যেমন প্রথমেই চোখে ভেসে উঠল মাশরাফি বিন মুর্তজার যন্ত্রণাকাতর মুখটা। ওই যে আমাদের দিকের বোলিং এন্ডটা, ওখানেই না ফলো থ্রুতে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুটা গিয়েছিল ওঁর। সেটি ২০০৩ অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ। ১৪ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেরিয়ে যাওয়ার আগে কী বোলিংটাই না করছিলেন মাশরাফি!ইংল্যান্ডের দুই ইনিংসেই সর্বোচ্চ রান করেছিলেন নাসের হুসেইন। তবে মাশরাফির বলে যতবার ‘বিট’ হয়েছিলেন, সেই সংখ্যাটা রানসংখ্যার চেয়ে খুব বেশি পিছিয়ে ছিল না! আশ্চর্য কী জানেন, ওই আট টেস্টে এত কিছু হয়েছে, অথচ আট বছর পর এম এ আজিজে ফিরে মাশরাফিকেন্দ্রিক স্মৃতিই বেশি মনে পড়ছে। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই মাঠে প্রথম টেস্ট ম্যাচ। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারেই পরপর দুর্দান্ত দুই বলে মাশরাফির দুই উইকেট। স্কোরবোর্ডে তখনো শূন্য। ম্যাচের ফলাফল নিয়ে কোনো সংশয় জাগেনি তার পরও। জিম্বাবুয়ের টার্গেট যে ছিল মাত্র ১১!সেই টেস্ট শেষ হওয়ার পর সংবাদ সম্মেলন করে ওয়ানডে সিরিজ ও নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করা হলো। অধিনায়ক নাঈমুর রহমানকে দল থেকেই বাদ দিয়ে দেওয়ার বৈপ্লবিক ঘোষণা দেওয়ার পর প্রধান নির্বাচক মাঈনুল হক বলে বসলেন, ‘ও এখন যে বোলিং করছে, আমিই তার চেয়ে ভালো করতে পারি।’ অধিনায়ক থেকে দলেই অপাঙেক্তয়—এমন ঘটনা ক্রিকেট ইতিহাসে খুব বেশি নেই। নাঈমুরের প্রতিক্রিয়া জানতে তাই মাঠ থেকেই ছুটে গিয়েছিলাম হোটেল আগ্রাবাদে।ওই টেস্টের আরেকটা আফসোসও মনে পড়ছে। ওই তো ওখানে উঠেছিল ক্যাচটা। ৭৬ রান করে গ্রান্ট ফ্লাওয়ারের নিরীহ বাঁহাতি স্পিনে তুলে মারতে গিয়ে হাবিবুল বাশার ক্যাচ দিয়েছিলেন মিড অফে। প্রথম ইনিংসে করেছিলেন ১০৮। দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তিটা হাতের মুঠো থেকে যেন ফেলে দিয়ে এসেছিলেন হাবিবুল। এত দিনেও যে কীর্তি অস্পর্শনীয়ই হয়ে আছে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের জন্য।এম এ আজিজ বললেই প্রায় সবার প্রথম টেস্ট জয়ের কথাই মনে পড়ে—নিজেকে ব্যতিক্রম প্রমাণ করতেই কি তাহলে অন্য সবকিছু নিয়ে টানাটানি করছি? কারও মনে হতেই পারে। হলে হোক। আমি ‘যাহা বলছি, সত্য বলছি। সত্য বই মিথ্যা বলছি না।’প্রথম টেস্ট জয়ের পর জাতীয় পতাকা নিয়ে বাংলাদেশ দলের ল্যাপ অব অনারের ছবিটা যে মনে উঁকি দিচ্ছে না, তা নয়। তবে হীনবল ওই জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা প্রত্যাশিত ছিল বলেই কিনা, সেটি ছাপিয়ে অন্য সব স্মৃতিই বেশি মনে আসছে। প্রেসবক্সে বসে বাঁ দিকে তাকাতেই যেমন চোখে ভেসে উঠল ওই ছবিটা—স্কোরবোর্ড পেছনে রেখে ছবি তুলছেন জ্যাক রুডলফ ও বোটা ডিপেনার। টেস্ট অভিষেকেই ডাবল সেঞ্চুরি করেছিলেন রুডলফ। সেটি অবশ্য পরের দিনের কথা। শেষ বিকেলে ওই ছবি তোলার কারণ ছিল, পুরো দিন ব্যাটিং করেছিলেন ওই দুজন। কথায় কথা আসে। এই যে গ্রায়েম স্মিথ আগামী শুক্রবার শততম টেস্টে নেতৃত্ব দেওয়ার প্রথম কীর্তি গড়তে যাচ্ছেন, অধিনায়কত্বে তাঁর অভিষেক ওই টেস্টেই।ভারতের বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের অপরাজিত ১৫৮ মনে পড়ছে। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসই শুধু নয়, সম্ভবত এখন পর্যন্ত সেরা ইনিংসও। ভারতের নামী-দামি বোলারদের চোখের জল-নাকের জল এক করে দিয়েছিলেন দুর্দান্ত স্ট্রোক প্লেতে!বিপিএলে রংপুর-খুলনা ম্যাচটাকে সামনে রেখে টেস্ট ম্যাচের স্মৃতিচারণা করতে করতে আরেকটা উপলব্ধিও হলো। এসব টি-টোয়েন্টি যতই ক্ষণিকের উত্তেজনা ছড়াক, স্মৃতি খুব দ্রুতই তা মুছে ফেলে। শেষ পর্যন্ত মনে থাকে টেস্ট ম্যাচের পারফরম্যান্সই।