আট মাস পর ফিরলেন ইতো
আট মাসের নিষেধাজ্ঞা শেষে আবার ক্যামেরুনের জাতীয় দলে ফিরেছেন স্যামুয়েল ইতো। আফ্রিকান ন্যাশনস কাপের প্রথম রাউন্ডে ক্যামেরুনের জার্সি গায়ে মাঠে নামবেন এই তারকা স্ট্রাইকার। আজ ২৩ সদস্যের ঘোষিত দলে ইতোর এই অন্তর্ভুক্তির খবরটি নিশ্চিত করেছে ক্যামেরুন ফুটবল ফেডারেশন।গত বছরের নভেম্বরে খেলোয়াড়দের পাওনা বেতন পরিশোধের দাবি জানিয়ে ধর্মঘটের ডাক দিয়েছিলেন স্যামুয়েল ইতো। এ কারণে তখন আলজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ বাতিল করতে বাধ্য হয়েছিল ক্যামেরুন। এর শাস্তিস্বরূপ তাঁকে দেওয়া হয়েছিল আট মাসের নিষেধাজ্ঞা। চারবারের ‘বর্ষসেরা আফ্রিকান ফুটবলার’ পুরস্কারজয়ী ইতো আবার আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে ছিলেন অনেকেই। তাঁর এই প্রত্যাবর্তনে নিশ্চয়ই হাঁফ ছেড়ে বেঁচেছেন ক্যামেরুনের সমর্থকেরা।১৯৯৭ সালে ক্যামেরুনের জার্সি গায়ে জাতীয় দলে অভিষেকের পর ১০৯টি ম্যাচ খেলে ৫৪টি গোল করেছেন স্যামুয়েল ইতো। অনেকেই তাঁকে বিবেচনা করেন ক্যামেরুনের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে।—রয়টাস