আটকে যাচ্ছেন শিল্পার স্বামী?

আইপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার অভিযুক্ত হওয়ার পর এটা অনুমিতই ছিল, সন্দেহের তিরটা দলের দিকেও তাক করা থাকবে।
এখন দিল্লি পুলিশ তদন্ত করে দেখছে, দলের যৌথ মালিক রাজ কুন্দ্রার সঙ্গে স্পট ফিক্সিংয়ের যোগসাজশ আছে কি না। কুন্দ্রার ভারত ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত বুধবার ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর কাল তাঁর পাসপোর্ট জব্দ করা হয়েছে। কুন্দ্রা বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী। শিল্পা যে শুধু এ কারণেই সমস্যায় পড়েছেন তা নয়, তিনি নিজেও রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক। গতকাল পুলিশের কাছে কুন্দ্রা নিজ দলের ওপর বাজি ধরার কথা স্বীকার করেছেন।
কুন্দ্রার ওপর অভিযোগটা আসে তাঁরই বন্ধু উমেশ গোয়েঙ্কার সূত্র ধরে। এই গোয়েঙ্কাই নাকি দলের কৌশল, একাদশ, পিচসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিলেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটারদের সঙ্গে। পুলিশের একটা সূত্র জানিয়েছে, কুন্দ্রার বিরুদ্ধে বাজি ধরার প্রমাণ মিলেছে। তবে এখনো ফিক্সিংয়ের অভিযোগের প্রমাণ মেলেনি।
কুন্দ্রা পরে টুইটারে দাবি করেছেন, মিডিয়ায় তাঁকে নিয়ে ভুল সংবাদ পরিবেশিত হয়েছে। সম্ভাব্য গ্রেপ্তারের ব্যাপারে লন্ডনের এই ব্যবসায়ীর টুইট, ‘আমার নামে কি গ্রেপ্তারি পরোয়ানা আছে? আমি এখন মুম্বাইতে আমার বাসায় আছি। দিল্লি পুলিশকে তাদের কাজটা করতে দিন না।’ পরে শিল্পাও টুইটারে জানিয়েছেন, মিডিয়ার আচরণে তিনি ভীষণ হতাশ। তাঁদের পরিবার এ কারণে ভোগান্তির শিকার হচ্ছে বলেও তাঁর দাবি।
হাজার হাজার ডলারের বিনিময়ে আইপিএলের নির্দিষ্ট কয়েকটি ম্যাচে বাজে বোলিংয়ের অভিযোগে গত মাসে রাজস্থান রয়্যালসের শ্রীশান্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভানকে গ্রেপ্তার করা হয়। এই ফিক্সিং কেলেঙ্কারির সঙ্গে সংঘবদ্ধ অপরাধী চক্র জড়িত বলে পুলিশ দাবি করায় গত মঙ্গলবার আদালত বাতিল করে দেন তাঁদের জামিন। এএফপি, ওয়েবসাইট।