আটকেই গেলেন শ্রীনির জামাতা

মাত্রই ‘নতুন’ আইসিসির দণ্ডমুণ্ডের কর্তা বনেছেন এন শ্রীনিবাসন। কূটচালে মাত করে ক্রিকেট-বিশ্বে কায়েম করেছেন ত্রিপক্ষীয় জমিদারি। ‘বিগ থ্রি’র বিজয় উপভোগই করার কথা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী জমিদারের। কিন্তু উল্টো চরম অস্বস্তিতে পড়ে গেলেন শ্রীনিবাসন। আইপিএলের ম্যাচ ফিক্সিং নিয়ে করা ভারতীয় সুপ্রিম কোর্টের তদন্তে অভিযুক্ত হয়েছেন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পন। তিন সদস্যের তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে অবৈধ বাজিতে মায়াপ্পনের সংশ্লিষ্টতা।
গত আইপিএলের ফিক্সিং কেলেঙ্কারির ঘটনায় তোলপাড় হওয়ার পর গত অক্টোবরে অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুল মুডগালকে প্রধান করে গঠন করা হয় সর্বোচ্চ আদালতের তিন সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি। কাল ১৭০ পৃষ্ঠার প্রতিবেদনে ক্রিকেটে বিশেষ করে আইপিএলে আশঙ্কাজনকভাবে দুর্নীতি বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করা হয়েছে। সেখানেই বলা হয়েছে অবৈধ বাজি ধরার জন্য বাইরের লোকদের তথ্য সরবরাহ করেছেন শ্রীনিবাসন জামাতা। যদিও ঠিক কোন তথ্য বা কাকে তথ্য দেওয়া হয়েছে, সেটি বলা হয়নি। আগামী ৭ মার্চ শুনানি শুরু করবেন সুপ্রিম কোর্ট।
মায়াপ্পন ছিলেন শ্রীনিবাসনের ইন্ডিয়া সিমেন্ট কোম্পানির দল চেন্নাই সুপার কিংসের প্রধান। তবে অভিযোগ ওঠার পর শ্রীনি দাবি করেছিলেন মায়াপ্পন সামান্য এক ক্রিকেট-উৎসাহী ছাড়া আর কিছুই নন। তদন্ত কমিটি তাঁর এই দাবি কানে না তুলে বলছে সুপার কিংসে মায়াপ্পনই সব। মুম্বাই পুলিশের আলাদা তদন্তেও মায়াপ্পন জালিয়াতি, প্রতারণা, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, চুক্তিভঙ্গ ও বাজিকরদের সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগে অভিযুক্ত হন।
এই অভিযোগে ভবিষ্যৎ নিয়েই এখন শঙ্কা চেন্নাই সুপার কিংসের। কারণ আইপিএলের আইনে বলা আছে কোনো ফ্র্যাঞ্চাইজি কিংবা এর মালিকের কর্মকাণ্ডে টুর্নামেন্ট বা খেলাটির সুনামহানি হলে তাৎক্ষণিকভাবে ওই দলকে বাতিল করা হবে।
প্রতিবেদনে শ্রীনিবাসনের একই সঙ্গে বিসিসিআইর প্রেসিডেন্ট ও আইপিএল দলের মালিক থাকাটাকে সাংঘর্ষিক বলা হয়েছে। আদালত আমলে নেবে এটাও। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট, বিসিসিআই ও এমনকি চেন্নাইয়ের সিআইডি পুলিশও ঠিকমতো তদন্ত
করেনি ফিক্সিংয়ের অভিযোগ। বিসিসিআই এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এএফপি ও ওয়েবসাইট।