৪৮ বছর পর বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল চিলি। ১৯৬২ সালে শেষবারের মতো বিশ্বকাপে জয় পেয়েছিল লাতিন আমেরিকার এই দেশটি। বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে তারা আজ হন্ডুরাসকে হারিয়েছে ১-০ গোলে। খেলার ৩৪ মিনিটের সময় জিন বোশোজোর একমাত্র গোলটি করেন।নেলসপ্রুইটের মোম্বেলা স্টেডিয়ামে খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে চিলি। কয়েকবারই চিলি হন্ডুরাসের রক্ষণভাগ ভেঙে ফেললেও গোলের দেখা পাচ্ছিল না। খেলার ৩৪ মিনিটের সময় চিলির প্লে-মেকার মাতিয়াস ফার্নান্দেজ দ্রুতগতিতে হন্ডুরিয়ান রক্ষণভাগে ঢুকে বল বাড়ান মরিসিও ইসলার দিকে। তাঁর মাইনাস হন্ডুরাস ডিফেণ্ডার সের্জিও মেন্ডোজা ফেরাতে ব্যর্থ হলে সুযোগ সন্ধানী বোশোজোর গোলপোস্টের খুব কাছ থেকে বলটি টোকা মেরে জালে জড়িয়ে দেন।খেলার ৬৪ মিনিটের সময় দুই গোলে এগিয়ে যেতে পারতো চিলি। কিন্তু হন্ডুরাসের গোলরক্ষক সেই প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ান। ওয়ালদো পনচির চমত্কার ডাইভিং হেড অভাবিতভাবে ঠেকিয়ে দেন হন্ডুরাসের গোলরক্ষক নোয়েল ভ্যালাদারেস।তবে পিছিয়ে পড়ে হন্ডুরাস চিলিকে একেবারে ছেড়ে কথা বলেনি। প্রায়ই প্রতি আক্রমণে চিলির রক্ষণভাগে আতঙ্ক ধরিয়েছেন তারা। তবে সুযোগের সদ্ব্যবহার না করতে পারায় হন্ডুরাসের পক্ষে ম্যাচে ফেরা সম্ভব হয়নি।