আটে উঠে এলেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুরের পর থেকেই ফোন। গলফ ফেডারেশন থেকে ফোন, সিদ্দিকুর রহমানের বন্ধুদের ফোন, ফোন মালয়েশিয়া থেকে সিদ্দিকুরের পৃষ্ঠপোষক গ্রামীণফোন প্রতিনিধিরও! সিদ্দিকুর কি তাহলে আবার কোনো শিরোপা জিতে গেলেন নাকি? না, একদিন খেলা বাকি থাকতে শিরোপা জেতার কোনো সুযোগ নেই। তবে মালয়েশিয়ায় চলমান এশিয়া প্যাসিফিক ক্লাসিকের তৃতীয় দিনে কাল সিদ্দিকুর যা করলেন সেটি শিরোপা জয়ের মতো হইচই ফেলে দিল। পারের চেয়ে ৬ শট কম, মানে ৬৫ শটে তৃতীয় রাউন্ড শেষ করে কাল দিনের অন্যতম সেরা পারফর্মার সিদ্দিকুর। আর এই সুবাদে আর্নে এলস, অর্জুন অটওয়াল, পারিয়া জুনহাসাভাসদিকুলদের টপকে সেরা আটে চলে এলেন সিদ্দিকুর। এই অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করলেও সিদ্দিকুর দেশে ফিরবেন ২ লাখ ২৫ হাজার মার্কিন ডলার নিয়ে।সব মিলিয়ে তিন রাউন্ডে পারের চেয়ে ১১ শট কম খেলা, মানে ২০২ শট করা সিদ্দিকুর স্কোরের দিক থেকে টুর্নামেন্টের চতুর্থ স্থানে আছেন। পারের চেয়ে ১৬ শট কম খেলে এককভাবে শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের বেন ক্রেন। পারের চেয়ে ১৪ শট কম খেলে দ্বিতীয় স্থানে আছেন সুইডেনের কার্ল পিটারসন। আর পারের চেয়ে ৯ শট কম খেলে সিদ্দিকুরের এক ধাপ পেছনে, সেরা ১৫-তে আছেন সিদ্দিকুরের আদর্শ আর্নে এলস!তৃতীয় রাউন্ডে এমন দাপট দেখিয়ে আদর্শকেও পেছনে ফেলে দেওয়া সিদ্দিকুরকে নিয়ে কাল স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেশ হইচই। বার্তা সংস্থা এএফপি লিখেছে—অসাধারণ সিদ্দিকুর মালয়েশিয়ায় সেরা ফর্মে!এই সাংবাদিকদেরই আগ্রহের কেন্দ্রে থাকা সিদ্দিকুরকে কাল সংবাদ সম্মেলনে বেশির ভাগই নিজের অতীত নিয়ে কথা বলতে হয়েছে। কোথায় আর্নে এলস, অর্জুন অটওয়ালদের পেছনে ফেলার গর্ব করবেন, তা নয় এখনো বলছেন শেখার কথা, ‘আমি এখনো শিখছি। আমার জীবনের সবচেয়ে বড় টুর্নামেন্ট এটা। আমি পিজিএ ট্যুর খেলোয়াড়দের সঙ্গ খুব উপভোগ করছি এবং তাদের কাছ থেকে অনেক কিছুই শিখছি।’দুই দিন শিখেই সেই ‘শিক্ষকদের’ অনেককে ছাড়িয়ে গেলেন! আরও বিনয়ী সিদ্দিকুর, ‘দিনটা আমার খুব ভালো গেছে বলেই এমন হয়েছে। শুরুটা খুব ভালো হয়েছিল। ড্রাইভগুলো ভালো করেছি। দিন শেষে তাই ৬ আন্ডার-পার করতে পেরেছি।’কত সরল ব্যাখ্যা! আজ দিনটাও এমন ‘সরল’ হলে আরও কিছু ইতিহাস সিদ্দিকুরের সঙ্গী হবে।