আটে নেমে আবার সেঞ্চুরি এজাজের
ব্যাটিং অর্ডারের নিচে নেমে সেঞ্চুরি করা যেন তাঁর অভ্যাস হয়ে গেছে। কাজটা নিশ্চয়ই সহজ নয়, তবে সিলেটের এজাজ আহমেদের কাছে কঠিন মনে হচ্ছে না। জাতীয় লিগের দ্বিতীয় দিনে কাল আট নম্বরে নেমে সেঞ্চুরি করলেন এজাজ। ঘরের মাঠে খুলনার বিপক্ষে ঠিক ১০০ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।এজাজের বয়স ২৭। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনটি সেঞ্চুরির দুটিই করেছেন আটে নেমে। অন্য সেঞ্চুরিটি সাত নম্বরে নেমে, গত জাতীয় লিগে খুলনার বিপক্ষে। প্রথম সেঞ্চুরিটি করেছিলেন ২০০৪-০৫ মৌসুমে বরিশালের বিপক্ষে—১২০।এজাজের সেঞ্চুরির সঙ্গে গোলাম মাবুদ (৭৯), এনামুল জুনিয়র (৬০) ও তাপস বৈশ্যর (৪৭) দায়িত্বশীল ব্যাটিং। তারই ফল—রানের পাহাড়ে সিলেট। আগের দিনের ৫ উইকেটে ২২৮ রান নিয়ে খেলতে নেমে কাল আরও ২৫০ রান যোগ করেছে সিলেট। হারিয়েছে মাত্র ৩ উইকেট। ৪৭৮ রানে ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক ইমতিয়াজ। দ্বিতীয় দিন শেষে খুলনার রান ১ উইকেটে ২৪।বিকেএসপিতে দ্বিতীয় দিন শেষে ১২৫ রানে এগিয়ে চট্টগ্রাম। কাল কাজী কামরুল, ইয়াসিন আরাফাত ও নূর হোসেনের বোলিংয়ে বরিশালকে ১২৮ রানে গুটিয়ে দিয়েছে আগের দিন ১৮৭ রান করা চট্টগ্রাম। এই তিন বোলার নিয়েছেন তিনটি করে উইকেট।ঢাকা বিভাগ-রংপুর ও রাজশাহী-ঢাকা মেট্রো ম্যাচ দুটি পড়েছিল বৃষ্টির বাগড়ায়।